হোয়াটসঅ্যাপে প্রতিযোগী এআই চালুর সুবিধা ফেরাতে মেটাকে ইইউর নির্দেশ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রতিদ্বন্দ্বী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্টগুলোকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ ফিরিয়ে দিতে মেটাকে নির্দেশ দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় কমিশন। গত বছর আনা একটি নীতিমালার আগের শর্তগুলো মেনেই মেটাকে এই সুবিধা পুনরায় চালু করতে হবে। বুধবার প্রতিষ্ঠানটিকে পাঠানো নতুন একটি অভিযোগপত্রে এই তথ্য জানিয়েছে কমিশন।

কমিশন জানায়, মেটার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন পদক্ষেপের অংশ হিসেবে এই সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে প্রতিযোগী এআই অ্যাসিস্ট্যান্টগুলোর প্রবেশাধিকার সীমিত করে মেটা নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে কিনা, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।
এক বিবৃতিতে কমিশন বলেছে, ‘মেটার এমন আচরণ দ্রুত বর্ধনশীল এআই অ্যাসিস্ট্যান্ট বাজারে প্রতিযোগীদের প্রবেশ বা বিস্তারের ক্ষেত্রে বাধা সৃষ্টির ঝুঁকি তৈরি করছে।’
ইইউর নির্বাহী পর্ষদ জানায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর মেটা তাদের হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশন টার্মস আপডেট করে। এর মাধ্যমে ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে অ্যাপটিতে থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই অ্যাসিস্ট্যান্টগুলোর ব্যবহার কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়।
এই ঘটনায় ২০২৫ সালের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করে কমিশন। এরপর গত ৯ ফেব্রুয়ারি মেটাকে একটি অভিযোগপত্র পাঠিয়ে তারা জানায়, প্রথম দেখায় প্রতিষ্ঠানটির এমন আচরণ ইইউর প্রতিযোগিতা সংক্রান্ত নিয়মের লঙ্ঘন বলে মনে হচ্ছে।
কমিশনের তথ্যমতে, মেটা পরে এর জবাব দেয় এবং ৪ মার্চ একটি সংশোধিত নীতিমালা প্রকাশ করে। সেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও থার্ড-পার্টি এআই অ্যাসিস্ট্যান্টগুলোর জন্য একটি নতুন মূল্য নির্ধারণ কাঠামো চালু করা হয়।
ইইউর প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সংশোধিত এই নীতিমালার প্রভাবও হোয়াটসঅ্যাপ থেকে থার্ড-পার্টি এআই অ্যাসিস্ট্যান্টগুলোকে বাদ দেওয়ার মতোই। এটিও ইইউর প্রতিযোগিতামূলক নীতিমালার পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।
কমিশন বলেছে, ‘প্রতিযোগিতার ক্ষেত্রে গুরুতর ও অপূরণীয় ক্ষতি এড়াতে কমিশন মেটাকে নির্দেশ দিতে যাচ্ছে। মেটার আচরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ২০২৫ সালের ১৫ অক্টোবরের আগের শর্ত অনুযায়ী থার্ড-পার্টি এআই অ্যাসিস্ট্যান্টগুলোর প্রবেশাধিকার পুনরায় বহাল করতে হবে।’
কমিশন আরও জানায়, এই অন্তর্বর্তীকালীন পদক্ষেপ গৃহীত হলে তা তদন্ত শেষ হওয়া এবং মেটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বহাল থাকবে।
আলাদা একটি সিদ্ধান্তে ইইউ কমিশন ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেশটিতেও এই তদন্তের আওতা বাড়িয়েছে। এর ফলে তাদের তদন্তের ফলাফল এখন পুরো ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা ইইএ জুড়ে কার্যকর হবে।
ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ এর আগে বিষয়টি নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করায় ইইউ কমিশনের তদন্ত থেকে দেশটিকে বাদ দেওয়া হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের কার্যকারিতা সংক্রান্ত চুক্তির ১০২ নম্বর অনুচ্ছেদ এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল চুক্তির ৫৪ নম্বর অনুচ্ছেদে এমন একচেটিয়া আধিপত্যের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যা বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে এবং একক বাজারে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করতে পারে।
কমিশন জানিয়েছে, সম্পূরক এই অভিযোগপত্র পাঠানোর মানেই তদন্তের চূড়ান্ত ফলাফল নয় এবং মেটা চাইলে এসব উদ্বেগের জবাব দিতে পারবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.