আপনি পড়ছেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগেই দেশের বিমান পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দীর্ঘদিন ধরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় একচ্ছত্র আধিপত্য ধরে রাখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি দ্বিতীয় একটি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তৃতীয় টার্মিনালে বিমানের একচেটিয়া ব্যবসায় ইতি, আসছে আন্তর্জাতিক অপারেটর
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল

সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অন্যতম লাভজনক এভিয়েশন খাতে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

বেবিচকের পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী এয়ারলাইন্সগুলো যাত্রী-সংক্রান্ত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা নতুন নিয়োগ পাওয়া আরেকটি অপারেটরের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে পারবে।

তবে কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব আপাতত এককভাবে বিমানের হাতেই থাকবে। গত ৩ ও ৪ জুন বেবিচক এবং তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, যাত্রীসেবার জন্য দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ করা হবে। তবে কার্গো কার্যক্রম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই পরিচালনা করবে। এর মাধ্যমে আগে আলোচিত যাত্রী ও কার্গো—উভয় খাতে দ্বিতীয় অপারেটর নিয়োগের পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে কর্তৃপক্ষ।

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় অংশ নিতে ইতোমধ্যে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের মেঞ্জিস অ্যাভিয়েশন, তুরস্কের চেলেবি অ্যাভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতের ডনাটা এবং সুইজারল্যান্ডের সুইসপোর্ট।

গত কয়েক মাসে এসব প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও বেশ আগ্রহ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য অপারেটরদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম। এরপর জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, পরিচালন দক্ষতা ও লাইসেন্সসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যমান চুক্তি অনুযায়ী কার্গো সেবায় একাধিক অপারেটর রাখার সুযোগ নেই। তবে ভবিষ্যতে কার্গো টার্মিনালের সম্প্রসারণ হলে দ্বিতীয় কার্গো হ্যান্ডলার নিয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ব্যবস্থাপনা ও রাজস্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে প্রায় দেড় বছর ধরে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের উদ্যোগে জাপানি অংশীদারদের সঙ্গে একাধিক দফা আলোচনার পর জটিলতা অনেকটাই কেটে গেছে।

সরকার আশা করছে, আগামী জুলাইয়ের মধ্যেই ব্যবস্থাপনা চুক্তি সম্পন্ন হবে এবং চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা ২০২৭ সালের শুরুতে টার্মিনালটি চালু করা সম্ভব হবে।

বর্তমানে গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি। এই খাত থেকে বছরে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ কোটি টাকা আয় করে সংস্থাটি। বিদেশি এয়ারলাইন্সগুলো প্রতিটি ফ্লাইটের জন্য বিমানকে কয়েক হাজার ডলার করে পরিশোধ করে থাকে।

তবে দীর্ঘদিন ধরে সেবার মান, লাগেজ ব্যবস্থাপনা এবং অপারেশনাল দক্ষতা নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর অভিযোগ রয়েছে। এ কারণেই তারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় একটি গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের দাবি জানিয়ে আসছিল।

শাহজালাল বিমানবন্দরের বর্তমান সক্ষমতা বছরে প্রায় ৮০ লাখ যাত্রী এবং আড়াই লাখ টন কার্গো পরিচালনার। তবে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের নতুন তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রী এবং প্রায় ৫ লাখ টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা যুক্ত হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেছেন প্রায় ১ কোটি ২৭ লাখ যাত্রী। এর মধ্যে এক কোটিরও বেশি আন্তর্জাতিক রুটের যাত্রী।

খাতসংশ্লিষ্টদের মতে, যাত্রীসংখ্যা দ্রুত বাড়তে থাকায় আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের বাজার ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক অপারেটর থাকলে সেবার মান উন্নত হবে, প্রতিযোগিতা তৈরি হবে এবং যাত্রীরা আরও ভালো সুবিধা পাবেন।

একই সঙ্গে আন্তর্জাতিক মানের পরিচালন ব্যবস্থা নিশ্চিত হলে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহন কেন্দ্র হিসেবে ঢাকার অবস্থান আরও শক্তিশালী হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.