আপনি পড়ছেন

পাকিস্তান জানিয়েছে, গত শুক্রবার স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা আজ রোববার সুইজারল্যান্ডে শুরু হবে। তবে এমন এক সময়ে এই আলোচনা হতে যাচ্ছে, যখন লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে। খবর আল জাজিরার

আজ সুইজারল্যান্ডে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ছবি- এএফপি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল শনিবার নিশ্চিত করেন, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির আলোচক দল সুইস শহর জুরিখে পৌঁছেছে।

ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছে সুইস সরকার। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি যুক্ত করে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদলের আগমনকে স্বাগত জানাই।’ মন্ত্রণালয় আরও জানায়, সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধিদলটি নিদওয়াল্ডেন ক্যান্টনের বার্গেনস্টক শহরের দিকে যাচ্ছে।

অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখপাত্র জানিয়েছেন, ভ্যান্সও শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন। রয়টার্সের উদ্ধৃতিতে ভ্যান্স বলেন, তিনি হয়তো এক বা দুই দিনের বেশি সেখানে থাকতে পারবেন না। তবে লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি— উভয় বিষয়ে অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করেন ভ্যান্স।

রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে। এর আগে চলতি সপ্তাহে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যেখানে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও আলোচনার টেবিলে পৌঁছানো সহজ হয়নি। শুক্রবার শুরু হওয়ার কথা থাকা বৈঠকটি স্থগিত করা হয়। কারণ লেবাননে প্রাণঘাতী ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিনিধি দল পাঠানো স্থগিত করে ইরান।

শুক্রবার হিজবুল্লাহর সঙ্গে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হলেও শনিবারও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। লেবাননের সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এর আগের দিন শুক্রবার ইসরায়েলি হামলায় ৮৩ জন নিহত ও ১৪১ জন আহত হন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবারও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি যদি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহের প্রবাহ বন্ধ হয়ে যাবে।

পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী, রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠেয় বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন।

সেখান থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভিদ জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মিসরে আলোচনা চালিয়ে যাচ্ছেন, আর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে সফর করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করছে বলে ইরান নিশ্চিত না হওয়া পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি কঠিন হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে বাঘাই বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের ‘প্রতিশ্রুতি রক্ষা না করার’ অভিজ্ঞতার কারণে ইরান তার দাবি আদায়ে দৃঢ় ও কঠোর অবস্থান বজায় রাখবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.