আপনি পড়ছেন

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বর্তমানে ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা চালু রয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার: এআই ক্যামেরা চালু করে দেড় হাজার ট্রাফিক মামলা
ট্রাফিক পুলিশ

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক মামলা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, আগে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছিল। নতুন করে আরও চারটি সংযোজন হওয়ায় বর্তমানে মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি কার্যকর রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়েও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

তিনি বলেন, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মামলা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা হয়েছে এবং জরিমানার অর্থ পরিশোধের পর তা কেন্দ্রীয় সিস্টেমে সংযুক্ত করা হচ্ছে।

লেক রোডে এআই ক্যামেরা স্থাপনের কারণ ব্যাখ্যা করে কমিশনার বলেন, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন এই সড়কটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার যানবাহনের বড় একটি অংশ এই সড়ক ব্যবহার করে। একই সঙ্গে এটি উচ্চ নিরাপত্তা ও ভিভিআইপি চলাচলের আওতাভুক্ত এলাকা।

তার ভাষ্য, সড়কটির প্রশস্ততার কারণে অনেক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং ঘন ঘন লেন পরিবর্তনের মতো ঝুঁকিপূর্ণ আচরণ করেন। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এসব অনিয়ম কমিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সেখানে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ট্রাফিক আইন ভঙ্গের নোটিশ পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, শুধু মোবাইলে এসএমএস নয়, নিবন্ধিত গাড়ির মালিকের ঠিকানায় ডাকযোগেও প্রসিকিউশনের নোটিশ পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকে বার্তা পাঠানো এবং ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে।

গাড়ি বিক্রির পরও মালিকানা হালনাগাদ না করায় অনেক সময় পুরোনো মালিকের কাছে নোটিশ যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে। তাই গাড়ির মালিকানা পরিবর্তনের পর নিবন্ধন হালনাগাদ করার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে একদিনে রাজধানীর সব ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

ডিএমপির আশা, এআইভিত্তিক এই স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা রাজধানীতে আইন লঙ্ঘনের প্রবণতা কমাবে এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.