খেলাপি ঋণ পরিশোধে বড় ছাড়, মিলবে সুদ মওকুফ
- Details
- by ২৪ ডেস্ক
ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ কমিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের মূল অর্থ এককালীন পরিশোধ করলে ঋণগ্রহীতারা সুদ মওকুফের সুবিধা পাবেন।

এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের অনাদায়ী ঋণের বড় একটি অংশ আদায় করা সম্ভব হবে। এতে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং নতুন করে উৎপাদন ও বিনিয়োগ খাতে ঋণ বিতরণের সক্ষমতাও বাড়বে।
বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর সম্পদের মান, তারল্য ব্যবস্থাপনা এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে অনাদায়ী ঋণ দ্রুত আদায়ের লক্ষ্যে বিশেষ এ সুযোগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, খেলাপি ঋণ আদায় হলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যেসব ঋণ ‘মন্দ ও ক্ষতিজনক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে, কেবল সেই ঋণগ্রহীতারাই এই সুবিধার আওতায় আসবেন।
তবে সুদ মওকুফ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে ঋণগ্রহীতার আর্থিক অবস্থা, ঋণ পরিশোধের আন্তরিকতা, ব্যবসা পরিচালনার সক্ষমতা এবং অতীতের লেনদেনের রেকর্ড বিবেচনা করে অনুমোদন দিতে হবে।
সুবিধা পেতে হলে ঋণগ্রহীতাকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের কাছে থাকা মূল ঋণ ও অন্যান্য আর্থিক দায় এককালীন পরিশোধ করতে হবে।
শর্ত পূরণ হলে ঋণের বিপরীতে আরোপিত ও অনারোপিত—উভয় ধরনের সুদ মওকুফ করা যাবে। একই সঙ্গে আগের নির্দেশনায় থাকা ব্যাংকের তহবিল ব্যয় আদায়ের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে।
এর ফলে সরকারি ও বেসরকারি—উভয় ধরনের ব্যাংকই প্রয়োজন অনুযায়ী সুদ মওকুফের সিদ্ধান্ত নিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের পরিমাণের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী কিংবা শিল্পপ্রতিষ্ঠান—যোগ্যতার শর্ত পূরণ করলে সবাই এই সুবিধা পাবেন।
তবে কৃষি, ক্ষুদ্র, কুটির ও স্বল্পমেয়াদি উৎপাদনমুখী ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, দেশের ব্যাংক খাতে বর্তমানে প্রায় ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এই অবস্থায় অনাদায়ী ঋণ ফেরত আনতে সুদ মওকুফের উদ্যোগ কার্যকর হতে পারে।
তবে তারা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে যেন অযোগ্য কেউ এই সুবিধা নিতে না পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
এছাড়া নির্ধারিত সময়ের পর একই ধরনের সুযোগ আর না দেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বারবার এমন সুবিধা দিলে নিয়মিত ঋণ পরিশোধকারীরা নিরুৎসাহিত হতে পারেন এবং ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বাড়ার ঝুঁকি তৈরি হবে।
অর্থনীতিবিদদের ভাষ্য, প্রকৃত সংকটে থাকা এবং ঋণ পরিশোধে আন্তরিক গ্রাহকদের মধ্যেই এই সুবিধা সীমিত রাখতে পারলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উদ্যোগটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.