সাদিক এগ্রোর বিরুদ্ধে ১৩৩ কোটির মামলা নামল দেড় কোটিতে
- Details
- by ২৪ ডেস্ক
আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হলেও চূড়ান্ত অভিযোগপত্রে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকায়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের অভিযোগপত্রে বলেছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে ১ কোটি ৪৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছে, যার মধ্যে ৮৬ লাখ টাকা বিদেশে পাচার করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনহীন ব্রাহমা গরু আমদানি ও সরকারি খাল দখলের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে তদন্তকারী সংস্থা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিভিশনের পরিদর্শক মোহাম্মদ ছায়েদুর রহমান ১ জুলাই জানান, প্রাথমিক মামলায় ভুলবশত ব্যাংকে লেনদেন হওয়া সম্পূর্ণ ১৩৩ কোটি ৫০ লাখ টাকাকেই পাচারকৃত অর্থ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তিনি বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই চূড়ান্ত অভিযোগপত্রটি তৈরি করা হয়েছে।
তবে সিআইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বিশাল গরমিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, এটি প্রাথমিক ভুল নাকি তদন্তকারী কর্মকর্তাকে অবৈধ সুবিধা দিয়ে অভিযোগপত্র সংশোধন করা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই অসঙ্গতি আদালতে আসামিদের বাড়তি সুবিধা দিতে পারে বলেও তারা মনে করেন।
ঈদুল আজহার আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনাকে কেন্দ্র করে সাদিক এগ্রো আলোচনায় আসে। এরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে।
অভিযোগপত্রে বলা হয়েছে, সাদিক এগ্রো ভুয়া আমদানি অনুমতিপত্র তৈরি করে যুক্তরাষ্ট্র থেকে অনুমোদনহীন ১৮টি ব্রাহমা জাতের গরু আমদানি করে। এই অবৈধ আমদানির মাধ্যমে প্রায় ৮৬ লাখ টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে সিআইডি উল্লেখ করেছে। জব্দ করার পর সরকারিভাবে জবাই করার জন্য দেওয়া ১৫টি গরুর মধ্যে ছয়টি আত্মসাৎ করে কোরবানির হাটে বিক্রির চেষ্টারও প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ও বেড়িবাঁধ সড়কের পাশের সরকারি জমি দখল করে খামার পরিচালনার মাধ্যমে সাদিক এগ্রো ৮৩ লাখ ৬০ হাজার টাকা অবৈধভাবে আয় করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কর শনাক্তকরণ নম্বর নিলেও এখন পর্যন্ত কোনো আয়কর রিটার্ন জমা দেয়নি।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা যায়, সাদিক এগ্রোর মালিক ইমরানের সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ একাধিক ঊর্ধ্বতন পুলিশ ও র্যাব কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, গরুর ব্যবসার আড়ালে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং কর্মকর্তাদের ঘুষের টাকা লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতেন।
এই মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন বর্তমানে কারাগারে আছেন এবং ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম পলাতক। উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ মোহাম্মদপুর থানায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেছিল সিআইডি। অন্যদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজও কারাগারে রয়েছেন।
প্রথম আলো অবলম্বনে
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.