আপনি পড়ছেন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্যই দেশে ফিরবেন। জাতীয় নাগরিক দলের (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই মন্তব্য করেছেন। শুক্রবার ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম: মৃত্যুদণ্ড কার্যকরের জন্যই দেশে ফিরবেন শেখ হাসিনা
ঢাকায় আন্তর্জাতিক এমএসএমই দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘বাংলাদেশে ইতোমধ্যে রায় ঘোষণা করা হয়েছে। এখন যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার হোতাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা এই সরকারের দায়িত্ব।’

রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আজকের এক সাক্ষাৎকারে আমরা দেখেছি যে, কেউ একজন ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞ পার করেছে। এখন আমরাও চাই তিনি ফিরে আসুন, তবে তা যেন শুধু মৃত্যুদণ্ড কার্যকরের জন্যই হয়।’

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি কীভাবে ফিরবেন তা শেখ হাসিনার ওপর নির্ভর করে না। তিনি অন্যদের সঙ্গে আসবেন কি না, আত্মসমর্পণ করবেন কি না, সেগুলো বাংলাদেশ সরকার নির্ধারণ করবে। সরকারকে অবশ্যই এই বিষয়ে নয়া দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে, এখানে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা নেই। সরকারই সিদ্ধান্ত নেবে তাকে কখন ও কীভাবে ফিরিয়ে আনা হবে এবং আদালতের রায় কীভাবে কার্যকর করা হবে। সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই তাকে ফিরিয়ে আনতে হবে।’

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি দেশে স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি বড় পদক্ষেপ হবে। সরকারের উচিত কালক্ষেপণ না করে রায় কার্যকর করা। কেউ যদি বিকল্প কোনো পদক্ষেপের কথা ভেবে থাকেন, তবে তা কারও জন্যই ভালো হবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি।’

আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক আশিকিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সারা দেশের উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হলে এবং সরকার যদি তাতে ইন্ধন দেয়, তবে সরকারকেই সবচেয়ে বড় পরিণতি ভোগ করতে হবে।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকার আওয়ামী লীগকে একটি সংগঠন হিসেবেও বিচারের আওতায় আনার কথা ভাবছে। আমরা মনে করি এটিই সঠিক পথ। শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে রায় দেওয়া হয়েছে। এখন তা কার্যকর করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তা কেবল তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্যই হবে।’

শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মীদের ফেলে নয়া দিল্লিতে পালিয়ে গেছেন উলেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি নয়া দিল্লি থেকে নিয়ন্ত্রিত একটি দল। তাই শেখ হাসিনার সিদ্ধান্তগুলো আসলে তার নিজস্ব নয়। নয়া দিল্লি তাকে যতটুকু বলার অনুমতি দেয়, তিনি ততটুকুই বলেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ফিরবেন কি না, কীভাবে ফিরবেন এবং রায় কার্যকর হবে কি না, তা শেষ পর্যন্ত ঢাকা ও নয়া দিল্লির মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখিনি। সরকারও একটি রাজনৈতিক দল, অথচ সেই জায়গা থেকেও আমরা তাদের কোনো সাড়া পাইনি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.