ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কারবারেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- Details
- by ২৪ ডেস্ক
মাদক-সংক্রান্ত অপরাধ দমনে আইন আরও কঠোর করে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনে সাইবার স্পেস বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকের অবৈধ কেনাবেচা, সরবরাহ, প্রচার কিংবা লেনদেনের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যেকোনো মেয়াদের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিরোধী দলের সদস্যদের বিভিন্ন সংশোধনী ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
নতুন আইনে বলা হয়েছে, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল ডিভাইস বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাকটিভ পদার্থের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা কিংবা যোগাযোগ করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনার চেষ্টাও অপরাধের আওতায় আনা হয়েছে।
আইনের গুরুত্বপূর্ণ দিক হলো, এ ধরনের অপরাধের বিচার করতে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। ডিজিটাল তথ্য-প্রমাণ, অনলাইন যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে।
বিলে আরও বলা হয়েছে, সংঘবদ্ধ বা আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত হয়ে সাইবার মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত ডিজিটাল অ্যাকাউন্ট, ওয়েবসাইট, ডিভাইস, ই-ওয়ালেট কিংবা ভার্চুয়াল সম্পদ আদালতের নির্দেশে জব্দ, ব্লক, বাজেয়াপ্ত বা রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করার সুযোগ রাখা হয়েছে।
মাদক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন আইনে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনর্বহাল করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের আইনি অনুমোদন এবং মাদক শনাক্ত ও চোরাচালান প্রতিরোধে বিশেষ ডগ স্কোয়াড গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
সরকারের ভাষ্য অনুযায়ী, দেশে মাদক-সংক্রান্ত অপরাধ ও মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় বিচারপ্রক্রিয়া দ্রুততর করা এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনের লক্ষ্যেই এই সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.