আপনি পড়ছেন

ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সানা বিমানবন্দরে বিমান হামলার পর দেশটিতে উত্তেজনা চরম আকার ধারণ করায় এই শঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানে দেশটির নিজস্ব নেতৃত্বাধীন একটি প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

ইয়েমেনে সংঘাতের ঝুঁকি বাড়ছে, জাতিসংঘের সতর্কতা
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে এই সতর্কবার্তা দেওয়া হয়। এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হুথিরা ইয়েমেনি উড়োজাহাজ অবতরণে বাধা দিয়ে একটি ইরানি উড়োজাহাজকে ইয়েমেনের ভূখণ্ডে নামার সুযোগ করে দেয়। এর জবাবে সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায় ইয়েমেনি বাহিনী।

নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জানান, ইয়েমেনে সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে যে নিজেদের নেতৃত্বাধীন একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সংলাপের মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো গেলে এই সংঘাতের টেকসই সমাধান সম্ভব।’

বিস্তৃত সংঘাতের ঝুঁকি নিয়ে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে খিয়ারি বলেন, ‘ইয়েমেন এবং বৃহত্তর অঞ্চলটি নতুন করে কোনো সংঘাতের ভার বহন করতে পারবে না।’ তিনি সব পক্ষকে জাতিসংঘের অধীনে আলোচনায় বসার আহ্বান জানান। উত্তেজনা প্রশমন এবং বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ ও টেকসই বিমান চলাচলের সুযোগ নিশ্চিত করতে এই আলোচনা অপরিহার্য বলে তিনি মনে করেন।

একতরফা পদক্ষেপ ইয়েমেনকে শান্তির দিকে এগিয়ে নেবে না বলে জোর দিয়ে খিয়ারি সতর্ক করেন, ‘এর ফলে বিভাজন আরও বাড়বে এবং নতুন করে সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হবে।’ তিনি সব পক্ষকে সংঘাতের বদলে সংলাপ বেছে নেওয়ার আহ্বান জানান। এছাড়া ইয়েমেনের হুথিদের হাতে জাতিসংঘের কর্মীদের আটকের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, জাতিসংঘের ৭৩ জন সহকর্মী এবং অন্যান্য কর্মী এখনও বেআইনিভাবে বন্দি আছেন। অবিলম্বে কোনো শর্ত ছাড়াই তাদের মুক্তির দাবি জানান তিনি।

জাতিসংঘের মানবিক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মহাসচিব এবং জরুরি ত্রাণ উপ-সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে ইয়েমেনের গভীরতর হতে থাকা মানবিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইয়েমেনের মানবিক সংকট এমন এক সময় ঘনীভূত হচ্ছে, যখন আমাদের সহায়তার সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে।’

দেশটির পরিবারগুলো ক্ষুধা, অর্থনৈতিক পতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাব এবং মৌলিক পরিষেবা ভেঙে পড়ার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে তিনি জানান। তার দেওয়া তথ্যমতে, ইয়েমেনের ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ ক্ষুধার্ত এবং তাদের অনেকেই তীব্র খাদ্য সংকটে ভুগছেন।

ইয়েমেনের মানবিক সংকটকে বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতি থেকে আলাদা করা যায় না উল্লেখ করে রাতওয়াত্তে বলেন, ‘সাম্প্রতিক মাসগুলো প্রমাণ করেছে কীভাবে আঞ্চলিক উত্তেজনা দ্রুত ইয়েমেনের ভেতরে প্রভাব ফেলে। বিশেষ করে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব সম্পর্কে তিনি জানান, এর ফলে দুর্বল জনগোষ্ঠী আরও চরম বিপাকে পড়েছে। রোগীদের এখন উড়োজাহাজে উঠতে এডেন পর্যন্ত দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিতে হচ্ছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকারের সঙ্গে হুথিদের যুদ্ধ চলছে। দীর্ঘস্থায়ী এই সংঘাত দেশটিতে ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.