মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ব জ্বালানি সরবরাহ ঝুঁকিতে, শেয়ারবাজারে মন্দা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে শেয়ারের দরপতন হয়েছে এবং তেলের দাম বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় বন্ড ইল্ড বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতি বজায় রাখার প্রত্যাশা তৈরি হয়েছে।

মঙ্গলবার বিশ্ববাজারের লেনদেনে এই নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। জ্বালানির দাম বাড়লে তা মূল্যস্ফীতি উসকে দিতে পারে এবং বন্ড ইল্ড আরও বাড়িয়ে দিতে পারে—এমন উদ্বেগের মধ্যে মঙ্গলবার দিনের শেষ ভাগে প্রকাশ হতে যাওয়া মার্কিন মূল্যস্ফীতির তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ পুনরায় বহাল করা হয়েছে এবং এই জলপথ দিয়ে চলাচলকারী সব জাহাজের ওপর ২০ শতাংশ ট্রানজিট ফি আরোপ করা হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান পরিচালনাকারী ইউনিট খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনকে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা একটি সংকটময় পর্যায়ে পৌঁছেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে তাদের মালিকানাধীন দুটি ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই প্রাণঘাতী হামলায় এক ক্রু নিহত এবং আটজন আহত হয়েছেন।
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরবিরোধী দাবি এবং ওই অঞ্চলে নতুন করে হামলার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এসব ঘটনা কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এই উত্তেজনা কৌশলগত জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ভয়কে আরও তীব্র করেছে, যা আর্থিক বাজারে মূল্যস্ফীতি ও ঝুঁকি এড়ানোর প্রবণতা বাড়িয়েছে।
ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানান, মূল মূল্যস্ফীতি বেশি থাকলে কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও কঠোর করতে হতে পারে। মঙ্গলবার কংগ্রেসে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি প্রতিবেদন উপস্থাপন করবেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ।
বাজার অংশগ্রহণকারীরা ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাকস এবং জেপি মরগানের মতো বড় মার্কিন ব্যাংকগুলোর আয় প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। জুনে মার্কিন ট্রেজারি বিভাগ ১২ হাজার কোটি ডলারের ফেডারেল বাজেট ঘাটতির হিসাব দিয়েছে, যা বাজারের প্রত্যাশার চেয়ে কম।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর সরবরাহ উদ্বেগ তীব্র হওয়ায় ১২ জুনের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৮৫ ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে ব্রেন্টের দাম সোমবারের চেয়ে ১.৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪.২০ ডলারে লেনদেন হয়। তেলের দাম বাড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময়ের জন্য বেশি রাখতে পারে বলে প্রত্যাশা জোরালো হয়েছে।
সোমবার মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড সাত বেসিস পয়েন্ট বেড়ে ৪.৬৩ শতাংশে দাঁড়ায় এবং মঙ্গলবার তা সামান্য পরিবর্তন হয়ে ৪.৬৪ শতাংশ হয়। মার্কিন ডলার সূচক সোমবার ২.৬ শতাংশ কমার পর মঙ্গলবার ০.১ শতাংশ কমে ১০১.২ এ নেমেছে। অন্যদিকে সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১ ডলার হয়েছে।
নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সেমিকন্ডাক্টর শেয়ারের দরপতনের কারণে সোমবার মার্কিন শেয়ারবাজার নিম্নমুখী ছিল। মাইক্রন টেকনোলজির শেয়ার ৪.৩ শতাংশ, স্যানডিস্ক ১২.৬ শতাংশ, এএমডি ৪.২ শতাংশ এবং ইন্টেলের শেয়ার ৬.১ শতাংশ কমেছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.২৬ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৭৯ শতাংশ এবং নাসডাক কম্পোজিট ১.৫৫ শতাংশ কমেছে। মঙ্গলবার মার্কিন বাজারগুলোতে মিশ্র প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়।
ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়লেও টেলিযোগাযোগ ও জ্বালানি শেয়ারের দাম বাড়ায় সোমবার ইউরোপীয় বাজারগুলো ঊর্ধ্বমুখী ছিল। ব্যাংক অব ইংল্যান্ড চলতি বছরের শেষের দিকে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় যুক্তরাজ্যের দুই বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড ১৩ বেসিস পয়েন্ট বেড়ে ৪.৩৪ শতাংশ হয়েছে।
ইউরোপীয় দেশগুলোকে লক্ষ্য করে সাইবার কার্যক্রম চালানোর অভিযোগে রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তা, হ্যাকার এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া বিমান যাত্রীদের অধিকার জোরদার করার নতুন নিয়মও অনুমোদন করেছে তারা।
সোমবার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ০.১ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ০.৩ শতাংশ, জার্মানির ডিএএক্স ৪০ সূচক ০.১৯ শতাংশ এবং ইতালির এফটিএসই এমআইবি ৩০ সূচক ০.৩৭ শতাংশ বেড়েছে। মঙ্গলবার ইউরোপীয় বাজারগুলোতেও মিশ্র প্রবণতা দেখা যায়।
এশিয়ার বাজারগুলোতেও লেনদেন কমেছে। জুনে চীনের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে, যা মে মাসে ছিল ১৯.৪ শতাংশ। মূল্যস্ফীতি আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ ৩.২ শতাংশে পৌঁছানোয় ব্যাংক অব কোরিয়া বৃহস্পতিবার সুদের হার বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। মে মাসে জাপানের শিল্প উৎপাদন আগের মাসের তুলনায় ০.১ শতাংশ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় ২.১ শতাংশ কমেছে।
মঙ্গলবার লেনদেন শেষে জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.১ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কসপি ০.৪ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট ০.৭ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৫ শতাংশ কমেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.