বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টি দেশের পণ্যের ওপর আজ শুক্রবার থেকে ১০ শতাংশ এবং ১২ দশমিক ৫ শতাংশ হারে নতুন আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশ জোরপূর্বক শ্রম দিয়ে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হলো। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। একই সময়ে অস্থায়ী ১০ শতাংশ মার্কিন শুল্কের মেয়াদও শেষ হয়েছে। খবর আল জাজিরার

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশের ওপর প্রযোজ্য হবে। তবে তেল-গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্যসহ বেশ কয়েকটি পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে।
এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বৈশ্বিক শুল্কব্যবস্থা পুনর্বহালের আরেকটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি ক্ষমতা আইনের আওতায় ট্রাম্পের আরোপ করা ১০ থেকে ৫০ শতাংশের তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ বাতিল করে দেয়। ওই শুল্কের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো।
এরপর ট্রাম্প প্রশাসন ১৫০ দিনের জন্য অস্থায়ী ১০ শতাংশ শুল্ক কার্যকর করে, যার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (ইডিটি) শেষ হচ্ছে। নতুন শুল্ক ঠিক একই সময় থেকে কার্যকর হবে। তবে যেসব পণ্য ইতোমধ্যে পরিবহনে রয়েছে, সেগুলো ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত নতুন শুল্কের বাইরে থাকবে।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় নতুন এই শুল্ক আরোপ করা হচ্ছে। প্রশাসনের মতে, সুপ্রিম কোর্টের রায়ের পরও এ ব্যবস্থার মাধ্যমে প্রায় সব আমদানিকৃত পণ্যের ওপর একটি ন্যূনতম শুল্ক বজায় রাখা সম্ভব হবে। এছাড়া সেকশন ৩০১ অতীতে আদালতে টিকে যাওয়ায় নতুন শুল্ক আইনি চ্যালেঞ্জের মুখে তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং আমরা তা কঠোরভাবে প্রয়োগ করি। এখন সময় এসেছে আমাদের বাণিজ্য অংশীদাররাও একই মানদণ্ড অনুসরণ করবে। তিনি আরও বলেন, নতুন পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন এবং বাণিজ্যে সৃষ্ট বৈষম্য দূর করে বিশ্বজুড়ে শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনা, বাংলাদেশ, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান ‘মোস্ট ফেভার্ড নেশন’ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট কার্যকর শুল্কহার হবে ১০ অথবা ১২ দশমিক ৫ শতাংশ।
এছাড়া বাকি ৩৮টি দেশের জন্য ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চীনও। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের শ্রমশিবিরে কাজ করতে বাধ্য করা হয়। যদিও বেইজিং এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, চীনের সঙ্গে ২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী চীনা পণ্যের ওপর মোট শুল্ক ২০ শতাংশে পুনর্বহাল করা হবে, তবে তার বেশি বাড়ানো হবে না। শুক্রবারের আগে চীনা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশে নেমে এসেছিল, যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত শিল্পপণ্যের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে।
নতুন শুল্ক ঘোষণার পরপরই কয়েকটি দেশ এর প্রতিবাদ জানিয়েছে। এদি বিশেষজ্ঞরা বলছেন, নতুন 'ফোর্সড লেবার' শুল্ক কার্যত শুক্রবার শেষ হতে যাওয়া অস্থায়ী ১০ শতাংশ শুল্কের বিকল্প হিসেবে এসেছে এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলোর আওতায় নির্ধারিত শুল্কহারই মূলত বহাল রাখছে।
তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে কঠোর আমদানি নীতি অনুসরণ করে। অন্য দেশগুলো একই কঠোরতা না দেখানোয় তারা অন্যায্য বাণিজ্যিক সুবিধা পাচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.