প্রধানমন্ত্রী: আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে রূপরেখা করছে সরকার
- Details
- by ২৪ ডেস্ক
স্বাধীনতার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের একটি দীর্ঘমেয়াদি রূপরেখা প্রণয়নের কাজ চলছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অবদান থাকা সত্ত্বেও স্বাধীনতার পরপরই এ বাহিনীর ইমেজ নষ্টের অপচেষ্টা চালানো হয়। সেই সময় সেনাবাহিনীতে অস্থিরতা সৃষ্টিরও চেষ্টা হয়েছিল। তবে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাহিনীতে শৃঙ্খলা ও পেশাদারত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, সেনাবাহিনীকে কাছ থেকে দেখেই বড় হয়েছেন তিনি। তাই বাহিনীর সাফল্যে যেমন গর্ববোধ করেন, তেমনি কোনো নেতিবাচক ঘটনায় কষ্টও পান।
সরকারপ্রধান বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি শুধু সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর নির্ভর করে না; বরং পুরো জাতির ঐক্য, প্রস্তুতি ও সহনশীলতার ওপর নির্ভরশীল। এ কারণে জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প, প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ সমন্বিতভাবে কাজ করবে।
তিনি বলেন, এই নীতিমালার লক্ষ্য যুদ্ধ উসকে দেওয়া নয়; বরং সম্ভাব্য আগ্রাসন, সংকট ও দুর্যোগ মোকাবিলায় আত্মনির্ভরশীল, স্থিতিশীল ও প্রস্তুত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন বদলে গেছে। এখন নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ।
তিনি বলেন, এসব নতুন বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর বাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
তারেক রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে প্রায় ১ হাজার ৩৬ কিলোমিটার দীর্ঘ ‘বর্ডার রোড’ প্রকল্প সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলছে।
এ ছাড়া পার্বত্য এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিস্ফোরক ও মাইন অপসারণ কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান ও মালিসহ বিভিন্ন দেশে শান্তিরক্ষীরা প্রশংসিত হয়েছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, ৫ আগস্ট-পরবর্তী সংকট এবং গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকটের সময় তেল সংরক্ষণাগারের নিরাপত্তা নিশ্চিত করেও বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
সেনা কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের পরিবর্তে সততা, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, চারিত্রিক দৃঢ়তা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সেনাসদর নির্বাচনী পর্ষদকে এমনভাবে কাজ করতে হবে যাতে যোগ্য ও দক্ষ কর্মকর্তারাই নেতৃত্বের দায়িত্ব পান। একই সঙ্গে শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিয়মিত প্রশিক্ষণ ও ফিটনেসের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.