জাপানে জন্মহার তলানিতে, জনসংখ্যা নামল ১২ কোটির নিচে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নিম্ন জন্মহার ও বয়স্ক জনসংখ্যার কারণে জাপানে বসবাসরত জাপানিদের সংখ্যা গত ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটি বা ১২০ মিলিয়নের নিচে নেমে এসেছে। বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

জাপানের অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে জাপানি নাগরিকদের সংখ্যা ছিল ১১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭৬ শতাংশ কম। ১৯৬৮ সালে শুরু হওয়া জরিপ অনুযায়ী, ২০০৯ সালে সর্বোচ্চ হওয়ার পর থেকে টানা ১৭ বছর ধরে জাপানি নাগরিকদের সংখ্যা কমছে।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০১৩ সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এই সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিদেশিদের নিয়ে জাপানের মোট জনসংখ্যা এখন ১২ কোটি ৩৮ লাখ।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাপানের মানুষের গড় বয়স ৪৯ দশমিক ৯ বছর। মোনাকোর পর জাপান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক জনসংখ্যার দেশ। গত জুনের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর জাপানের প্রজনন হার ফের রেকর্ড পরিমাণ কমেছে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যা সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।
এই ধীর গতির সংকটের কারণে দেশটিতে ইতোমধ্যে শ্রমিক ঘাটতি, সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এবং করের আওতা সংকুচিত হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মোট প্রজনন হার (একজন নারীর জীবদ্দশায় প্রত্যাশিত গড় সন্তানের সংখ্যা) আগের বছরের তুলনায় শূন্য দশমিক শূন্য ১ কমে ১ দশমিক ১৪-তে দাঁড়িয়েছে। এটি টানা দশম বছরের মতো প্রজনন হার কমার ঘটনা। দেশটিতে নবজাতকের জন্ম প্রায় ১৫ হাজার কমে ৬ লাখ ৭০ হাজারের সামান্য বেশিতে দাঁড়িয়েছে, যা ১৮৯৯ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন।
তবে টোকিও সরকারের চালু করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ জোড়া যুগলের বিয়ের খবর এই মাসে কিছুটা আশার আলো দেখিয়েছে। একটি জরিপে দেখা যায়, বিয়েতে আগ্রহী প্রায় ৭০ শতাংশ মানুষ ঘটকালির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘টোকিও এনমুসুবি’ নামের অ্যাপটি চালু করা হয়।
মানুষের এই অনীহা কাটাতে এবং কেবল সত্যিকারের আগ্রহীরাই যেন যুক্ত হন তা নিশ্চিত করতে অ্যাপটিতে নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত রাখা হয়। এর মধ্যে আইনগতভাবে অবিবাহিত হওয়ার প্রমাণ দেওয়া এবং অনলাইনে সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার মতো বিষয় ছিল। চলতি বছরের ৩০ জুনের সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৩৬ হাজার আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে অ্যাপটিতে ১৬ হাজার নিবন্ধিত সদস্য রাখা হয়েছে। এর মাধ্যমে ৭৬০ জোড়া যুগল গুরুতর সম্পর্কে জড়িয়েছেন।
সরকার ‘টার্টল’ ছদ্মনামের এক নারীর কথা উল্লেখ করেছে। ওই নারী জানান, ৪০তম জন্মদিনের কাছাকাছি সময়ে তিনি শেষ সুযোগ হিসেবে অ্যাপটি ব্যবহারের চেষ্টা করেছিলেন।
ওই নারী বলেন, ‘কয়েকটি ব্লাইন্ড ডেটে যাওয়ার পর আগস্টের শেষে আমার বর্তমান স্বামীর সঙ্গে দেখা হয় এবং সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা একটি গুরুতর সম্পর্ক শুরু করি।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের শেষে আমি তার বিয়ের প্রস্তাব গ্রহণ করি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.