জ্বালানি তেল বেসরকারি হাতে ছাড়ার উদ্যোগে আপত্তি জামায়াতের
- Details
- by ২৪ ডেস্ক
পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকারের এ উদ্যোগ ‘সংস্কার নয়, হস্তান্তর’ এবং এর ফলে জ্বালানি তেলের বাজারে কয়েকটি শিল্পগোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হতে পারে।

শনিবার (৮ আগস্ট) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার লক্ষ্যে নতুন একটি নীতিমালা তৈরির উদ্যোগ চলছে।
প্রেস ব্রিফিংয়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পরিবর্তনের পর এ উদ্যোগ আরও এগিয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে জামায়াত।
দলটির আশঙ্কা, বেসরকারি খাতে জ্বালানি তেল বিপণনের সুযোগ দেওয়া হলে প্রতিযোগিতা বাড়ার বদলে বাজার কয়েকটি নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হতে পারে। কারণ জ্বালানি তেল আমদানির জন্য গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বড় ট্যাংক টার্মিনাল, পাইপলাইন এবং বিপুল পরিমাণ ব্যাংক অর্থায়নের প্রয়োজন হয়। দেশে এ ধরনের সক্ষমতা হাতে গোনা কয়েকটি শিল্পগোষ্ঠীর রয়েছে বলে দাবি করেছে দলটি।
বিপিসিকে অদক্ষ ও লোকসানি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে বেসরকারিকরণের যুক্তি দেওয়ারও বিরোধিতা করেছে জামায়াত। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে।
জামায়াতের অভিযোগ, চলমান জ্বালানি সংকটকে বেসরকারিকরণের যুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে দলটি দাবি করে, সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বড় আন্তর্জাতিক সরবরাহকারীদের অংশগ্রহণের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা।
প্রেস ব্রিফিংয়ে জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জামায়াতের ভাষ্য, জ্বালানি তেল প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ খাতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ খাত বেসরকারি হাতে চলে গেলে যুদ্ধ বা দুর্যোগের মতো পরিস্থিতিতে রাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের সক্ষমতা কমতে পারে।
এ ছাড়া জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের আইনগত সুরক্ষা খর্ব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। বেসরকারিকরণের বিরোধিতাকারীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সরকারের কাছে সাতটি প্রশ্নও তুলে ধরে জামায়াত। এর মধ্যে রয়েছে—বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের কোনো খসড়া নীতিমালা প্রক্রিয়াধীন আছে কি না, থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে কি না, কোন সমীক্ষার ভিত্তিতে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে এবং কোন কোন কোম্পানি এ বিষয়ে আবেদন বা প্রস্তাব দিয়েছে—এসব তথ্য প্রকাশ করা হবে কি না।
বেসরকারি আমদানিকারক যুক্ত হলে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কে নির্ধারণ করবে—বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নাকি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান—এ প্রশ্নও তুলেছে দলটি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, তারা মুক্তবাজার অর্থনীতি বা বেসরকারি বিনিয়োগের বিরোধী নয়। তবে জবাবদিহিহীন ও অস্বচ্ছ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় খাত বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে তারা।
এ সময় দলটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিত করা; খসড়া নীতিমালাসহ সংশ্লিষ্ট নথি প্রকাশ করে জনমত নেওয়া; সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানির আয়োজন এবং বিপিসির সংস্কারে স্বাধীন নিরীক্ষা ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা।
এ ছাড়া ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) ও কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা খর্ব করার সুপারিশ প্রত্যাহারের দাবিও জানিয়েছে জামায়াত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.