রোমে ২৮ ঘণ্টার বেশি আটকা বিমানের ফ্লাইট, দুর্ভোগে আড়াই শতাধিক যাত্রী
- Details
- by ২৪ ডেস্ক
ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে ২৮ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইট। দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে গিয়ে আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইটটি শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে রোমে অবতরণের পর নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
ফ্লাইটটিতে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শিশু, প্রবীণ ও অসুস্থ যাত্রীও রয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার সুযোগ ছিল না। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয়েছে তাদের।
এক যাত্রী জানান, রোমে পৌঁছানোর পর বিভিন্ন কারিগরি সমস্যার কথা জানিয়ে প্রায় আট ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করানো হয়। পরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে নেওয়া হলেও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা হয়নি।
রাতের দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেককে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
যাত্রীদের ভাষ্য, দীর্ঘ সময় অপেক্ষার কারণে বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে। কারও ডায়াবেটিস, আবার কারও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন লাগেজে থাকায় অনেকেই সময়মতো তা ব্যবহার করতে পারেননি। শিশুদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়েও সমস্যায় পড়তে হয়েছে বলে জানান তারা।
এদিকে উড়োজাহাজটির ত্রুটি মেরামতে ঢাকার প্রকৌশলী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম রোমে পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজ S2-AJY বর্তমানে ফিউমিচিনো বিমানবন্দরে এওজি অবস্থায় রয়েছে।
প্রয়োজনীয় প্রকৌশলী ও যন্ত্রপাতি বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে বিজি-৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারে। সে ক্ষেত্রে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তবে কারিগরি ত্রুটি পুরোপুরি ঠিক করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, লাউঞ্জ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ, খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহারে সমস্যার কারণে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে একই উড়োজাহাজের কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। উড়োজাহাজটির ত্রুটি মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই ফ্লাইটের পরবর্তী যাত্রা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারিগরি পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.