বিদেশে থাকা ৪২ ঋণখেলাপি প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারে অভিযান
- Details
- by ২৪ ডেস্ক
দেশের ৪২টি শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিদেশে পাচার করা সম্পদ শনাক্ত ও উদ্ধারে নতুন করে তৎপরতা শুরু করেছে ব্যাংকগুলো। এসব প্রতিষ্ঠানের নামে-বেনামে বিদেশে থাকা সম্পদ খুঁজে বের করে খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে আটটি আন্তর্জাতিক আইনি ও পেশাদার পরামর্শক প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে।

রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সংশ্লিষ্ট ৩৮টি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, যেসব ব্যাংক এখনো বিদেশি আটটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেনি, তাদের দ্রুত চুক্তি সম্পন্ন করতে বলা হয়েছে। পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারের ক্ষেত্রে ‘নো উইন, নো পে’ পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ, সম্পদ উদ্ধারের আগে ব্যাংকগুলোকে কোনো অগ্রিম অর্থ দিতে হবে না। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচে অনুসন্ধান চালাবে এবং সম্পদ উদ্ধার হলে তার একটি অংশ পারিশ্রমিক হিসেবে পাবে।
বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) তথ্য বিশ্লেষণ করে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে—এমন ৪২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিদেশে সম্পদ থাকার প্রাথমিক তথ্যও পাওয়া গেছে বলে বৈঠকে জানানো হয়।
চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসবি এক্সিম গ্রুপ, হাবিব গ্রুপ, ইয়াসীর গ্রুপ, এডব্লিউআর গ্রুপ, লিবার্টি গ্রুপ, প্রিমিয়ার গ্রুপ, লস্কর গ্রুপ ও সাদ মুসা গ্রুপের নাম রয়েছে।
বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও উদ্ধারের কাজে গ্র্যান্ট থর্নটন, আরআই কনসোর্টিয়াম, বেকার ম্যাকেঞ্জি অ্যান্ড পিডব্লিউসি, ডিএলএ পাইপার অ্যান্ড ক্রোল, ইওয়াই অ্যান্ড ডেন্টনস, রহমান রাভেলি অ্যান্ড ইন্টারপাথ, বিসিজি অ্যান্ড এইচএইচআর এবং অ্যানিমাস অ্যাসোসিয়েটসকে যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এসব প্রতিষ্ঠানের অর্থ পাচারের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব দেশে থাকা সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর সরবরাহ করা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক তদন্তকারী ও আইনি প্রতিষ্ঠানগুলো বিদেশে থাকা সম্পদের অবস্থান, ধরন এবং আনুমানিক মূল্য নির্ধারণে কাজ করছে।
তিনি বলেন, সম্পদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী প্রথমে সেগুলো জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পদ বিক্রি বা নিষ্পত্তি করে অর্থ বাংলাদেশে ফেরত আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে পাচার করা জাতীয় সম্পদ উদ্ধারের সুযোগ তৈরি হবে, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর খেলাপি ঋণও আদায় করা সম্ভব হবে।
বৈঠক শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ ফেরত আনতে ব্যাংকগুলো কাজ করছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কত অর্থ শেষ পর্যন্ত ফেরত আনা সম্ভব হবে, তা পরবর্তী বিষয়। তবে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা জরুরি। এ জন্য বিদেশে থাকা তাদের সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ কাজে বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.