আপনি পড়ছেন

ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্বসহ বড় ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ব্যাংক রেজল্যুশন আইন, নতুন ভিসা নীতি ও মানবাধিকার আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিআইডি

একই বৈঠকে বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়া সহজ করতে ‘ভিসা নীতিমালা, ২০২৬’ এবং জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা অস্তিত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ঝুঁকি দ্রুত মোকাবিলার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ২০২৫ সালে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল।

পরবর্তী সময়ে অধ্যাদেশটি আইনে রূপ দিতে সংসদে বিল উত্থাপন করা হয়। বিষয়টি পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হলে কমিটি কিছু সংশোধনের সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে অধ্যাদেশের কয়েকটি বিধান বিধিমালার মাধ্যমে বাস্তবায়নের জন্য আলাদা করা হয়।

এ ছাড়া সরকারের আর্থিক দায়, গ্রাহকের স্বার্থ এবং ব্যাংকিং খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনে ১৮ক ধারা যুক্ত করা হয়। এর মাধ্যমে রেজল্যুশনের আওতায় থাকা ব্যাংককে সচল রেখে পুনর্গঠন, মূলধন ও তারল্য সংকট মোকাবিলা, আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা এবং সরকারের আর্থিক সম্পৃক্ততা কমানোর সুযোগ রাখা হয়েছিল।

তবে ১৮ক ধারার নির্ধারিত শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যেই ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়।

বিদেশিদের বাংলাদেশে প্রবেশ ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল ও নিরাপদ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনশক্তি ও পর্যটন খাতে আগ্রহ বাড়াতে নতুন ‘ভিসা নীতিমালা, ২০২৬’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন নীতিমালায় আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য এবং পারস্পরিকতার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০০৬ সালের ভিসা নীতিমালায় ৩৩টি ক্যাটাগরি থাকলেও নতুন নীতিমালায় তা বাড়িয়ে ৩৪টি ভিসা ক্যাটাগরি করা হয়েছে।

নতুন নীতিমালা কার্যকর হলে আগের সব ভিসা-সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ভিসা কাঠামো চালু করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে এটি বাস্তবায়ন করবে। মন্ত্রিসভা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

প্রস্তাবিত আইনে একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়ে কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। কমিশনে অন্তত একজন নারী সদস্য থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। বাছাই কমিটির সুপারিশের ক্ষেত্রে নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে।

বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক প্রতিনিধি এবং নৃ-গোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কমিশনের কার্যপরিধি আরও স্পষ্ট করা, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং তদন্তব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা কিংবা সম্ভাব্য ক্ষতি ঠেকাতে কমিশনকে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতাও প্রস্তাবিত আইনে রাখা হয়েছে।

জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকলের আলোকে হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম প্রতিরোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠনের বিধানও রাখা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.