আবারও গ্যাস সংকট, এলএনজি সরবরাহ কমে ৫০০ মিলিয়ন ঘনফুট
- Details
- by ২৪ ডেস্ক
কয়েক দিন স্বস্তির পর আবারও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পর তা ফের কমে ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে ভাসমান এলএনজি টার্মিনালে নতুন কার্গো সংযুক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়ানো যাচ্ছে না।
বর্তমানে দেশের গ্যাসের চাহিদা পূরণে মহেশখালীতে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। দুই টার্মিনালের সম্মিলিতভাবে দৈনিক সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে।
তবে গত জুলাইয়ের শেষ দিকে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর দুই টার্মিনাল মিলিয়ে গ্যাস সরবরাহ প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুটে নেমে যায়। পরে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি করা হয়েছিল। চার দিন সরবরাহ ৭৫০ মিলিয়ন ঘনফুটে থাকার পর এবার আবার তা কমে গেছে।
এফএসআরইউ পরিচালনার দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়ার কারণে সামিটের এফএসআরইউতে নতুন এলএনজি কার্গো সংযুক্ত করা সম্ভব হচ্ছে না।
সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়ে কার্গো সংযোগ দেওয়া সম্ভব হলেই এলএনজি সরবরাহ আবার বাড়ানো যাবে। তবে ঠিক কখন পরিস্থিতির উন্নতি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
এদিকে এক্সিলারেট এনার্জির এফএসআরইউকে পুরো সক্ষমতায় ফেরানো নিয়েও নতুন জটিলতা রয়েছে। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে টার্মিনালটি দুটি বয়লারের একটির সক্ষমতা ব্যবহার করে সীমিতভাবে পরিচালিত হচ্ছে।
অন্য বয়লারটি সচল করতে হলে পুরো টার্মিনালের কার্যক্রম প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ রাখতে হবে বলে জানান তিনি। এরপর সেটি পূর্ণ সক্ষমতায় ফিরতে পারবে।
বর্তমান সংকটের পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি চাহিদা মোকাবিলায় বড় পরিসরের এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, একটি বিদেশি বেসরকারি উদ্যোক্তা গোষ্ঠী বাংলাদেশে বড় আকারের এলএনজি টার্মিনাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সরকারের সঙ্গে তাদের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে।
সরকার তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাব পাওয়ার পর সেটি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন এফএসআরইউ স্থাপনের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কোনো নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প সরাসরি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সরকার নীতিগতভাবে জিটুজি বা সরকার-টু-সরকার পদ্ধতিতে নতুন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
এ ক্ষেত্রে অন্য দেশের সরকার বা সরকার-সমর্থিত প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করা হবে। আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের জিটুজি পদ্ধতিতে কাজ করার যোগ্যতা রয়েছে, তাদের মূল্যায়ন করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সেই তালিকা ধরে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। নতুন অবকাঠামো তৈরি হলে ভবিষ্যতে এলএনজি সরবরাহের সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের গ্যাস নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.