হরমুজ খোলা নিয়ে শঙ্কা, বাড়ছে তেলের দাম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে হামলার ঘটনায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। বুধবারের (১২ আগস্ট) শুরুতে রাতভর লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। খবর আল জাজিরার

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ৩টায় আগামী অক্টোবর সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচার ৮৯ দশমিক ৬১ ডলারে লেনদেন হচ্ছিল। ইরান যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শেষ দিকে যে দাম ছিল, তার তুলনায় এটি প্রায় ২৪ শতাংশ বেশি।
অস্ট্রেলিয়াভিত্তিক কেসিএম ট্রেডের সিডনির প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার আল জাজিরাকে বলেন, বাজার এখনো কোনো সমঝোতার আশা পুরোপুরি হারায়নি। তবে আস্থার জায়গাটি স্পষ্টতই দুর্বল হয়ে যাচ্ছে।
তিনি বলেন, আলোচনা যত দীর্ঘ হচ্ছে এবং দৃশ্যমান অগ্রগতি ছাড়াই যত সময় পার হচ্ছে, পাশাপাশি দাবিগুলো নিয়ে যত বেশি জটিলতার কথা জানা যাচ্ছে, ততই দ্রুত একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তা নিয়ে সংশয় বাড়ছে।
গতকাল মঙ্গলবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অভিযোগ করেছে, ইরান-সমর্থিত হুতিরা বাব আল-মান্দেব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে। প্রণালীটি আরব উপদ্বীপ ও আফ্রিকার হর্ন অঞ্চলকে পৃথক করেছে।
একই দিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালী পুনরায় খোলার সম্ভাবনা নিয়ে পরস্পরবিরোধী নানা বার্তার মধ্যে গত এক সপ্তাহ ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে। দোহা জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব জলপথটি পুনরায় খুলে দেওয়া দেখতে চায়।
তবে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি ওমানের সঙ্গে তাদের চলমান আলোচনার পৃথক একটি বিষয়। ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু শর্ত মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধ থাকবে। এসব শর্তের মধ্যে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সিঙ্গাপুরভিত্তিক স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালির দুই দিকেই তেল সরবরাহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ওপেকের অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তাই কূটনৈতিক আলোচনায় নতুন করে আশাবাদ তৈরির মতো কোনো খবর না আসা পর্যন্ত, মৌলিক পরিস্থিতির বিচারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে সমর্থন পেতে থাকবে। আর এখন পর্যন্ত কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.