নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস) এলাকায় হকারদের ব্যবসার ক্ষেত্রে নতুন নিয়ম চালুর পরিকল্পনা করা হয়েছে। পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কেউ হকারি করতে পারবেন না। পাশাপাশি নির্ধারিত এলাকার বাইরে গিয়ে ব্যবসা করাও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম। বুধবার (১২ আগস্ট) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতের নির্দিষ্ট কিছু অংশে তাদের বসার সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট এবং অফিস সময়ের পর মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।
নির্ধারিত এসব স্থানে হকারদের জন্য টয়লেট ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, অনেক এলাকায় বৃষ্টির পানি দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় নিষ্কাশন ব্যবস্থা নেই। ধানমন্ডি, নিউ মার্কেট, ঢাকা কলেজ ও গ্রিন রোড এলাকার পানি নিষ্কাশনের পুরোনো একটি পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, এ ধরনের কাজ এক-দুই মাসে শেষ করা সম্ভব নয়।
তবে তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা কমাতে পাম্প কেনা হয়েছে। আগে কোনো কোনো এলাকায় বৃষ্টির পানি কয়েক দিন জমে থাকলেও এখন পাম্পের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে পানি সরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
পুরান ঢাকার অনেক ড্রেন পুরোনো ও ভঙ্গুর অবস্থায় রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, ড্রেন ও খাল পরিষ্কারের কাজ চলছে। তবে বর্ষাকালে খননকাজে কিছুটা সীমাবদ্ধতা থাকে।
ড্রেনে পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান আব্দুস সালাম। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতার সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়; নাগরিকদেরও সচেতন হতে হবে।
দোকানিদের দোকানের সামনে বিন বা বালতি রাখার অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করবেন। তবে অনেক মার্কেট ও হকার এলাকায় আবারও যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণেও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, কোথাও পানি জমে না থাকলে মশার লার্ভা জন্মানোর সুযোগ কমে যায়। যেসব ব্যক্তিগত জায়গায় সিটি করপোরেশনের কর্মীরা প্রবেশ করতে পারেন না, সেসব স্থানে মালিক বা ব্যবহারকারীদের নিজেদের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, ঢাকার সব এলাকায় যাতে নির্বিচারে এসব রিকশা চলাচল করতে না পারে, সে জন্য অঞ্চলভিত্তিক ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট এলাকার রিকশা ওই এলাকার মধ্যেই চলবে। কিছু সড়কে রিকশা চলাচল নিষিদ্ধও করা হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের পর তা বাস্তবায়ন করা হবে।
ডিএসসিসির রাজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন আব্দুস সালাম। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়াতে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সড়ক নির্মাণসহ বিভিন্ন কাজে সিটি করপোরেশনের ব্যয় থাকলেও সংশ্লিষ্ট কিছু রাজস্ব অন্য সরকারি সংস্থার কাছে চলে যায়। এসব রাজস্বের একটি অংশ সিটি করপোরেশনকে দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
ঢাকার সমস্যা সমাধানে ওয়াসা, রাজউক, বিদ্যুৎসহ নগরসেবার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন উন্নয়নকাজে রাস্তা কাটার পর সময়মতো মেরামত না হওয়ায় সিটি করপোরেশনকে সমালোচনার মুখে পড়তে হয়। তাই নগর ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নাগরিকদেরও ঢাকা শহরের সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের সমস্যা শুধু প্রশাসক বা সরকারের একার নয়। জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে আগামী দুই বছরের মধ্যে রাজধানীর চেহারা বদলে দেওয়া সম্ভব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.