গ্যাস সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তির আভাস
- Details
- by ২৪ ডেস্ক
টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কিছুটা বেড়েছে। কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু করেছে। শনিবার ভোর থেকে এই সরবরাহ বাড়ার ফলে সার্বিক গ্যাস সংকট পুরোপুরি দূর না হলেও গ্রাহক পর্যায়ে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

জ্বালানি বিভাগের অনুমোদনে পেট্রোবাংলার পক্ষে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এলএনজি আমদানির বিষয়টি তদারকি করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার ভোর চারটা থেকে সামিটের টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) এবং এক্সিলারেটের টার্মিনাল থেকে ৩০০ এমএমসিএফ গ্যাস সরবরাহ শুরু হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নান জানান, বর্তমানে দুটি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ করা হচ্ছে। সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিকভাবে গ্যাস সরবরাহ করছে। তিনি বলেন, ‘সরবরাহ বৃদ্ধির ফলে গ্রাহকেরা কিছুটা স্বস্তি পাবেন।’
আমদানিকৃত এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০০ এমএমসিএফ এবং স্থানীয় প্রতিষ্ঠান সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০০ এমএমসিএফ।
২১ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনার পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ কমে সংকট মারাত্মক আকার ধারণ করে। বাসাবাড়ির রান্নার চুলা থেকে শুরু করে শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বৃদ্ধি পায় এবং সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের জ্বালানি সংগ্রহের জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, এক্সিলারেটের টার্মিনালে ৩০০ এমএমসিএফ সক্ষমতার দুটি বয়লার রয়েছে। অগ্নিকাণ্ডে একটি বয়লার ক্ষতিগ্রস্ত হয়। অক্ষত বয়লারটি থেকে ৬ আগস্ট গ্যাস সরবরাহ শুরু হলেও শুক্রবার বিকেল চারটায় কারিগরি ত্রুটির কারণে তা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি মেরামত করে ওই বয়লার থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত বয়লারটি এখনো চালু করা যায়নি এবং তা মেরামতের কাজ চলছে। এটি চালুর আগে কার্যকারিতা পরীক্ষার জন্য টার্মিনালের গ্যাস সরবরাহ ৭২ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে। তবে কবে নাগাদ এটি করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, এলএনজি সংকটের কারণে সোমবার সামিটের সরবরাহ কমে যায় এবং মঙ্গলবার তা ২০০ এমএমসিএফে নেমে আসে। বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০০ এমএমসিএফ সরবরাহ করার পর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সামিটের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুরে ভিটল এশিয়া কোম্পানির একটি এলএনজিবাহী জাহাজ বঙ্গোপসাগরে এসে পৌঁছালে সন্ধ্যা সাতটা থেকে টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়। এর আগেই নিজস্ব মজুত থেকে গ্যাস সরবরাহ শুরু করে সামিট, যা শনিবার ভোরে ৪৬০ এমএমসিএফে পৌঁছায়।
এর আগে সৌদি আরামকোর পাঠানো একটি এলএনজিবাহী জাহাজ ফেরত পাঠানো হয়েছিল। নিয়মিত এলএনজি সরবরাহকারী জাহাজের মতো ওই জাহাজটি এক জাহাজ থেকে অন্য জাহাজে এলএনজি স্থানান্তরের (শিপ-টু-শিপ ট্রান্সফার) উপযোগী ছিল না। দুর্ঘটনা এড়াতে টার্মিনাল কর্তৃপক্ষ আগেই আপত্তি জানিয়েছিল। কিছুটা বৈরী আবহাওয়ার কারণে আরামকোর জাহাজ থেকে এলএনজি খালাস করা সম্ভব হয়নি। জাহাজটি ফেরত পাঠানো হয়েছে এবং এর বদলে আরামকো আরেকটি জাহাজ পাঠাবে। তবে ভিটল এশিয়ার নতুন জাহাজ থেকে এলএনজি নিতে কোনো সমস্যা হয়নি।
দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি (৩ দশমিক ৮ বিলিয়ন) ঘনফুট। প্রায় সব খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে অন্তত ৩০০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও সাধারণত রেশনিং করে ২৭০ কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করা হয়। এর মধ্যে ১০৫ কোটি ঘনফুট এলএনজি থেকে পাওয়ার কথা। শুক্রবার বিকেলে দেশে মোট গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছিল প্রায় ১৭৩ কোটি ঘনফুটে। শনিবার তা বেড়ে প্রায় ২৪০ কোটি ঘনফুটে পৌঁছেছে। স্বাভাবিকের তুলনায় এখনো প্রায় ৩০ কোটি ঘনফুটের ঘাটতি রয়েছে, যা এক্সিলারেটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হলে পূরণ হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.