নৌ ও বিমানবাহিনীতে মেধাভিত্তিক পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- Details
- by ২৪ ডেস্ক
রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ দূরে রেখে পেশাগত দক্ষতা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৩ আগস্ট ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী সদরদপ্তরে নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও সার্বিক উপযুক্ততাকে অগ্রাধিকার দিতে হবে।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি এ পর্ষদে বিবেচনা করা হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি দেশের সেবায় অবদানের জন্য উভয় বাহিনীর প্রধান ও সব সদস্যকে ধন্যবাদ জানান।
নির্বাচনী পর্ষদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে নিহত ও আহতদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন ও তাকে অভিনন্দন জানান। এ সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা কামনা করেন।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচালনা ও গবেষণা স্থাপনা পরিদর্শন করেন। তিনি এয়ার ডিফেন্স অপারেশন্স সেন্টারে (এডক) ‘এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন’ (এডসি)-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এছাড়া এয়ার কমান্ড অপারেশন্স সেন্টারে চালকবিহীন আকাশযান বা ইউএভির সরাসরি সম্প্রচারের সহায়তায় যুদ্ধবিমানের মহড়া পর্যবেক্ষণ করেন।
পরে অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল) ব্যবস্থার প্রদর্শনী দেখেন। নিজস্ব প্রযুক্তিতে এসব আধুনিক ব্যবস্থার উন্নয়ন গবেষণা ও উদ্ভাবনে দেশকে স্বাবলম্বী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিবসহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.