ফ্যাসিবাদের রাস্তা থেকে সরে আসুন, সরকারের প্রতি জামায়াত আমির
- Details
- by ২৪ ডেস্ক
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ নয়, বরং মূল যুদ্ধের প্রস্তুতি বা রিহার্সাল হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রবিবার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জাতীয় সিরাত উদ্যাপন কমিটি আয়োজিত সিরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, যুদ্ধের আগে বাহিনী গঠন করা হয়, তাদের প্রশিক্ষণ ও কসরত করতে হয় এবং রিহার্সাল দিতে হয়। ২০২৪ সালের ঘটনাকেও সে ধরনের একটি প্রস্তুতি হিসেবে দেখতে হবে। তাই চব্বিশের ঘটনাকে ফাইনাল যুদ্ধ মনে না করার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের দোসররা’ নতুন করে বিভিন্ন ন্যারেটিভ বা বয়ান তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ২০২৪ সালে যারা জেগে উঠেছিলেন, তারা মারা যাননি বা ঘুমিয়ে পড়েননি; তারা এখনো সজাগ দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, তারা আশা করেছিলেন ‘ফ্যাসিবাদের ময়লা-আবর্জনা’ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তা না হয়ে বরং সেই আবর্জনার পরিমাণ আরও বেড়েছে।
বাংলাদেশের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসা প্রত্যেকেই দাবি করে যে আগের সরকার ইতিহাস বিকৃত করেছে। কিন্তু দেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইতিহাস বিকৃতির সঙ্গে যুক্ত ছিল।
জুলাই জাদুঘর থেকে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সেখানে দেশের দুঃখজনক ঘটনাগুলো তুলে ধরা হয়েছিল। কিন্তু পরে একটি বিশেষ দেশ ও রাষ্ট্রকে খুশি করার জন্য সেখান থেকে অনেক উপাদান সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৯৪৬-৪৭ সাল থেকে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের তথ্য সেখানে তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে সেসবের অনেক কিছুই আর দেখা যাচ্ছে না। একইভাবে নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ও ছবি সরিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মৃতি রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ১৫ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী সরকার যে পথে এগিয়েছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে তারা মনে করছেন।
সরকারকে সেই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ, আয়নাঘর এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে পথ—বাংলাদেশের মানুষ সেই পথে কাউকে চলতে দেবে না।
এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও পাসপোর্টের অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বর্তমান বিশ্বে একটি দেশের সম্মানের অন্যতম মানদণ্ড হিসেবে পাসপোর্টের অবস্থান বিবেচনা করা হয়। সেই সূচকে বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এ বিষয়ে ব্যক্তিগতভাবেও তিনি ভুক্তভোগী হয়েছেন বলে জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.