আপনি পড়ছেন

গ্যাস সংকটে দেশের ইস্পাত উৎপাদন খাত স্থবির হয়ে পড়েছে। বড় কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রায় ৪০ শতাংশ রি-রোলিং মিলের কার্যক্রম। বিকল্প জ্বালানির অতিরিক্ত ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের লোকসানে ইস্পাত কারখানাগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ অস্বাভাবিক হারে বেড়েছে। প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটে চারগুণ বেশি মূল্যের ফার্নেস অয়েল ও ডিজেল ব্যবহার করতে গিয়ে কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আজ সোমবার প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গ্যাস সংকট: ইস্পাত শিল্পে বিপর্যয়, বাড়ছে উৎপাদন ব্যয়
ইস্পাত কারখানা। ছবি- টিবিএস

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে পাইপলাইনে গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসায় বিএসআরএম, কেএসআরএম, জিপিএইচ ইস্পাত, এইচএম স্টিল, গোল্ডেন ইস্পাত ও আনোয়ার ইস্পাতের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত জানান, গ্যাসের চাপ কম থাকায় কারখানা সচল রাখতে প্রতিষ্ঠানটি স্বাভাবিক ২ লাখ ২৫ হাজার টনের জায়গায় উৎপাদন কমিয়ে দেড় লাখ টনের নিচে নামিয়ে এনেছে। তিনি উল্লেখ করেন, গ্যাস না থাকায় ফার্নেস অয়েল ও লাইট ডিজেল অয়েল (এলডিও) ব্যবহার করতে হচ্ছে, যার পরিচালন ব্যয় গ্যাসের তুলনায় প্রায় চারগুণ বেশি। ফলে কারখানাটির স্বাভাবিক উৎপাদন সক্ষমতার মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ব্যবহার করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী জানান, যেসব সমন্বিত কারখানায় গ্যাস ছাড়া বিলেট তৈরি করা যায়, সেগুলোও বিদ্যুৎ ঘাটতির কারণে মাত্র ৩০ থেকে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। তিনি অতীতের আর্থিক চাপের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামাল ও জাহাজভাড়া বৃদ্ধির পাশাপাশি দেশে ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২৭ টাকা পর্যন্ত পৌঁছায়। বিলম্বিত ঋণপত্রের (ডেফারড এলসি) কারণে প্রতি টন ইস্পাতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিনিময় হারের লোকসান গুনতে হয়েছে, যা উদ্যোক্তাদের চলতি মূলধন প্রায় নিঃশেষ করে দিয়েছে।

কেএসআরএমের জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন জানান, উৎপাদন কমলেও কারখানার নির্ধারিত ব্যয় অপরিবর্তিত থাকে। ফলে সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়ায় ইউনিট প্রতি সামগ্রিক উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে।

নির্মাণকাজের মৌসুমের আগেই বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। চট্টগ্রামের প্রাইম স্টিলের স্বত্বাধিকারী সুদীপ দাস জানান, বর্তমানে প্রতি টন স্টিল রিবার ৮১ হাজার থেকে ৮৭ হাজার ৫০০ টাকায় কেনাবেচা হচ্ছে। উৎপাদন ব্যাহত হলে নির্মাণ সামগ্রীর দাম আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এই অচলাবস্থা কাটাতে দ্রুত জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়িয়ে গ্যাসের চাপ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শিল্প মালিকেরা।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা ও পরিকল্পনার ঘাটতির কারণে সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাচ্ছে। এই ঘাটতির কারণে শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.