আপনি পড়ছেন

খাবার পানিতে অতিরিক্ত মাত্রার লবণাক্ততার কারণে দেশের উপকূলীয় অঞ্চলের ৪০ বছর ও তার বেশি বয়সী প্রতি পাঁচজনে একজন মানুষ মাঝারি থেকে উচ্চমাত্রার হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের যৌথ গবেষণার প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে এসেছে।

উপকূলে লবণাক্ত পানিতে প্রতি পাঁচজনে একজন হৃদরোগ ঝুঁকিতে
প্রতীকী ছবি

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে গবেষণার এসব তথ্য উপস্থাপন করেন আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী আলিয়া নাহিদ। এনআইএইচআর গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টার ফর নন-কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জের বাংলাদেশ কর্মসূচির আওতায় ২০২৩ সালে এই গবেষণা শুরু হয়, যা পরবর্তী বছর শেষ হওয়ার কথা রয়েছে।

গবেষণার তথ্যানুযায়ী, খুলনা জেলার কয়রা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১৫ হাজার ৪৭১ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর ঝুঁকি মূল্যায়ন করা হয়। এতে সার্বিকভাবে ২১ দশমিক ৬ শতাংশ মানুষের আগামী ১০ বছরে মাঝারি থেকে উচ্চ মাত্রার হৃদরোগের ঝুঁকি শনাক্ত হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে আশাশুনিতে এই ঝুঁকি ২৩ দশমিক ৬ শতাংশ এবং কয়রায় ১৯ দশমিক ৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ববর্তী জরিপে জাতীয় পর্যায়ে ৪০ থেকে ৬৯ বছর বয়সীদের মধ্যে এই ঝুঁকি ৯ দশমিক শূন্য ২ শতাংশ হলেও নতুন গবেষণায় উপকূলের একই বয়সীদের ক্ষেত্রে তা প্রায় ১১ শতাংশ এবং সামগ্রিক ৪০ ঊর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে ২১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

বিজ্ঞানী আলিয়া নাহিদ উল্লেখ করেন, খাবার পানিতে অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ তৈরি হয়, যা হৃদরোগের প্রধান কারণ। এছাড়া এর ফলে কিডনির জটিলতা বাড়ে এবং অন্তঃসত্ত্বা নারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। জরিপে দুই উপজেলার ৭১টি কমিউনিটি ক্লিনিক এলাকার ১৭২টি গ্রামের ২৭ হাজার ৬৯৭টি পানির উৎস পর্যবেক্ষণ করা হয়। সরাসরি পানের জন্য ব্যবহৃত ৬ হাজার ৭০৩টি উৎসের মধ্যে কয়রায় ৫৫ দশমিক ৩ শতাংশ এবং আশাশুনিতে ২৩ দশমিক ৩ শতাংশে লবণাক্ততা শনাক্ত করা হয়েছে।

সেমিনারে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক পাওলো ভিনিস খাবার পানিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লবণাক্ততার নির্দিষ্ট মানদণ্ড প্রণয়নের ওপর গুরুত্ব দেন। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাড্রিয়ান বাটলার প্রাকৃতিক দুর্যোগে মিঠাপানির উৎস দীর্ঘমেয়াদে দূষিত হওয়ার বিষয়টি তুলে ধরে বাঁধ উঁচু করা ও সংস্কারের পাশাপাশি দ্রুত পানি পরিশোধনের তাগিদ দেন।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ জানান, দেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্যের সংযোগ বিষয়ক গবেষণার যথেষ্ট ঘাটতি রয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি জোরালো করতে সহায়তা করবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফর রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বক্তব্য রাখেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.