আপনি পড়ছেন

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার কক্সবাজারে আয়োজিত এক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ কথা জানান।

পররাষ্ট্র সচিব: মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চলছে
কক্সবাজারে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক

মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্বরোচিত গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার নয় বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) যৌথভাবে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে দুই দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করে। ‘রোহিঙ্গা এক্সোডাস: চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ফিউচার অব দিস প্রোট্র্যাক্টেড ক্রাইসিস’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব। এতে সভাপতিত্ব করেন আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমান।

বৈঠকে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট চাপ কমাতে দীর্ঘমেয়াদি সহায়তা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

এনআরসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দীপংকর দত্ত জানান, সংকট দশম বছরে পদার্পণ করায় রোহিঙ্গাদের চাহিদার ধরনেও পরিবর্তন এসেছে। জরুরি সহায়তার পাশাপাশি তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ এবং বহুবর্ষজীবী অর্থায়ন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এনআরসি বিশেষজ্ঞ ইজতুল্লাহ রাজি শরণার্থী ক্যাম্পগুলোতে আবাসন, জমি ও সম্পত্তি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তার বক্তব্যের সূত্র ধরে রোহিঙ্গা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মের (আরসিপি) প্রধান সমন্বয়ক ইগর সিওবানু জানান, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে রোহিঙ্গারা এখন নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখে পড়ছে।

ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) মানবিক সহায়তা বিভাগের প্রধান এলি মুডি জানান, প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অপেক্ষার এই সময়টিকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে রোহিঙ্গাদের ভবিষ্যৎ প্রস্তুতির কাজে লাগানো উচিত। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদাও বিবেচনায় নিতে হবে। নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক বিল্ডে জানান, রোহিঙ্গারা যতদিন বাস্তুচ্যুত থাকবে, ততদিন স্থানীয়দের মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গাদের উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া জরুরি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কক্সবাজার সাব-অফিসের প্রধান মার্শেল কলম জানান, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে রোহিঙ্গারা যেন প্রত্যাবাসনের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। একইসঙ্গে বছরের পর বছর ধরে শরণার্থীদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী জানান, কেবল রাজনৈতিক সমাধানের অপেক্ষায় না থেকে বর্তমান প্রজন্মের জন্য শিক্ষা ও আয়বর্ধক সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

দ্য ডেইলি ওয়াদা সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অধিকতর সম্পৃক্ততার আহ্বান জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের একটি প্রজন্মকে কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের হেড অব ক্রাইম জামিল খান, স্থানীয় এনজিও পালস-এর নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী, হিউম্যানিটি ইনক্লুশন (এইচআই) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সিবগাতুল্লাহ আহমেদ, এনআরসি বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মাইনুল ইসলাম এবং ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা প্রেসিডেন্ট ও রোহিঙ্গা কমিউনিটি নেতা মো. শুয়াইব।

বৈঠক শেষে সন্ধ্যায় আরআরআরসি কার্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। প্রদর্শনীতে শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা শিশু-কিশোরদের হাতে আঁকা ছবি, রাখাইনে সংঘটিত বর্বরোচিত গণহত্যার বর্ণনা দিয়ে লেখা চিঠি এবং নৃশংসতার ভয়াবহ দিনগুলোর চিত্র।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.