আপনি পড়ছেন

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ভেসে এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫ জন, নিখোঁজ ৪০৩
বন্যাকবলিত এলাকায় উদ্ধারকর্মীদের তৎপরতা

নেপালের প্রধানমন্ত্রীর দপ্তর নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। অন্যদিকে পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।

নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। সব মিলিয়ে প্রায় ২৬টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পর্যটন বোর্ড।

ট্যুর অপারেটরদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বড় একটি অংশ ভারত ও নেপালের সীমান্তবর্তী মানসসরোবরের দিকে যাচ্ছিলেন। ফলে তাদের সন্ধানে সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।প্রবল স্রোতে নদীতীরবর্তী জনপদগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও স্থাপনা পানির তোড়ে ভেসে গেছে। বন্যার পাশাপাশি ভূমিধসের কারণে বেশ কিছু এলাকায় যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রসুয়া জেলার ভোতকোশি নদী এলাকা থেকে পুলিশ ১১৪ জনকে উদ্ধার করেছে। নেপাল সেনাবাহিনীও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কয়েকজনকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের ভয়াবহতায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানান।

প্রধানমন্ত্রী বলেন, আকস্মিক এই বন্যা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং এতে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

বালেন্দ্র শাহ আরও জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করতে সরকার কোনো বিলম্ব করেনি। পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের সব ধরনের সক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম এলাকা, নদীতীরবর্তী জনপদ এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে উদ্ধারকারীরা তৎপরতা চালাচ্ছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.