আপনি পড়ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলের সদস্যরা ওই বক্তব্যকে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আখ্যা দিয়ে প্রতিবাদ ও হইচই শুরু করলে প্রায় ১০ মিনিটের মতো সংসদের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

‘সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’—হট্টগোলের পর স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঘটনার সূত্রপাত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নকে ঘিরে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই, সংসদ সদস্যদের ওপর হামলা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাব দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।’
এ মন্তব্যের পরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ শুরু করেন। কয়েকজন আসন ছেড়ে দাঁড়িয়ে হইচই করতে থাকেন। তাদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে অবজ্ঞা করে কথা বলেছেন।

এর আগে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাব দিতে গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সেটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা—তিনি বুঝতে পারেননি। ওই সময় মৃদু আপত্তি উঠলেও পরবর্তী বক্তব্যের পর বিরোধী সদস্যদের প্রতিক্রিয়া তীব্র হয়।

পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার বক্তব্য কাউকে উদ্দেশ করে বলা হয়নি। একপর্যায়ে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করার কথাও জানান। তবে তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। হট্টগোলের মধ্যে তিনি স্পিকারের সহযোগিতা চান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বারবার বিরোধী সদস্যদের আসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার আহ্বান জানান। তিনি বলেন, বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে তিনি সংসদের নিয়ম মেনে কথা বলার আহ্বান জানান।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সুযোগ পান। তিনি অভিযোগ করেন, সংসদের অধিবেশন শুরুর পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়ে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখপ্রকাশের দাবি জানান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দলের সদস্যরা সরকারের সমালোচনা ও ভুলের প্রতিবাদ করার জন্য সংসদে এসেছেন; কারও ছাত্র হওয়ার জন্য নয়। তার বক্তব্যের সময় সরকারি দলের কয়েকজন সদস্য মন্তব্য করলে তিনি এরও প্রতিবাদ করেন।

এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

পরে স্পিকার বলেন, সংসদে প্রত্যেক সদস্যের কথা বলার অধিকার রয়েছে। তবে একে অপরকে কথা বলতে বাধা দিলে সংসদ কার্যকরভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতন্ত্রকে কার্যকর রাখতে সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে।

একপর্যায়ে দিনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে স্পিকার বলেন, সংসদের সদস্যরা যেভাবে পরস্পরের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তা সংসদের ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়। এ কারণে তিনি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন বলেও জানান।

স্পিকার সবাইকে সহনশীলতা বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালি অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.