আপনি পড়ছেন

চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় বেসরকারি খাতের মাধ্যমে আগামী এক বছরে ছাদভিত্তিক ব্যবস্থা থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের বাজার উন্মুক্ত করে দিয়ে বেসরকারি সেবা প্রদানকারীদের তালিকাভুক্তির কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিভাগ।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: বছরে চার হাজার মেগাওয়াটের মেগা পরিকল্পনা
সৌরবিদ্যুৎ

২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ বা ৫ হাজার ৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত ১২ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত 'নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬-২০৩০'-এর আওতায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনায় ছাদভিত্তিক সোলার ছাড়াও ভূমিতে স্থাপিত ৪ হাজার ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

প্রথাগত সরকারি অর্থায়নের পরিবর্তে এই কর্মসূচিটি পরিচালিত হবে ওপেক্স (অপারেটিং এক্সপেন্ডিচার) মডেলের আওতায়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। ফলে শিল্পকারখানা ও ভবনের মালিকেরা প্রাথমিক মূলধন বিনিয়োগ ছাড়াই তাদের ছাদ ব্যবহারের সুযোগ দিয়ে বিদ্যুৎ সুবিধা পাবেন। দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে প্রকল্প সম্পন্নকারীদের জন্য আকর্ষণীয় মূল্যে গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির বিশেষ প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ তিনটি পৃথক মডেল নির্ধারণ করেছে। প্রথম মডেলে গ্রাহক উৎপাদিত বিদ্যুতের পুরোটাই অফ-গ্রিড ভিত্তিতে নিজে ব্যবহার করবেন। দ্বিতীয় মডেলে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ কোনো ছাদভাড়া ছাড়াই জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। তৃতীয় মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ দেওয়ার বিনিময়ে ভবনমালিক নিয়মিত ছাদভাড়া পাবেন এবং উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বাড়তি বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে। এর বাইরে সৌরচালিত সেচ, হিমাগার, ইভি চার্জিং স্টেশন ও ভাসমান সৌর প্রকল্পের জন্যও বিশেষ প্যাকেজ তৈরির সুযোগ রাখা হয়েছে।

বৃহৎ পরিসরে ছাদভিত্তিক সোলার স্থাপনের পথ সুগম করতে 'নেট মিটারিং নির্দেশিকা ২০২৫' সংশোধন করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, অনুমোদিত বিদ্যুৎ লোড অতিক্রম করলেও বিতরণ কার্যালয়ের অনুমতি সাপেক্ষে গ্রাহকেরা সর্বোচ্চ ১০০ কিলোওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে পারবেন।

ভৌগোলিক এলাকাভেদে সেবা প্রদানকারী কোম্পানি বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) রাজধানীতে তাদের আওতাধীন এলাকায় কাজ করবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা ও রংপুর বিভাগ; বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগ; নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রাজশাহী বিভাগ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) খুলনা ও বরিশাল বিভাগ তদারকি করবে। সংশ্লিষ্ট বিতরণ কোম্পানি, পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন কমিটি আবেদন যাচাই করবে।

বাছাই প্রক্রিয়ায় স্থানীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে বিশেষ নম্বর বণ্টন কাঠামো তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার নিজস্ব প্রতিষ্ঠান বা প্রধান অংশীদার ৪০ পয়েন্ট, পার্শ্ববর্তী জেলার প্রতিষ্ঠান ২৫ পয়েন্ট, একই বিভাগের প্রতিষ্ঠান ১৫ পয়েন্ট এবং অন্য বিভাগের প্রতিষ্ঠান ১০ পয়েন্ট পাবে। এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বা ইডকলের নিবন্ধন থাকলে ৫ পয়েন্ট এবং পূর্ব অভিজ্ঞতায় সর্বোচ্চ ৩০ পয়েন্ট বরাদ্দ রয়েছে। নবীন উদ্যোক্তা ও স্টার্ট-আপের জন্য ১৫ পয়েন্ট এবং নারী উদ্যোক্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য ১০ পয়েন্ট রাখা হয়েছে।

আবেদনকারীদের জন্য বৈধ ট্রেড লাইসেন্স, টিআইএন, হালনাগাদ কর সনদ, অন্তত ১০ লাখ টাকার ব্যাংক সচ্ছলতা এবং ন্যূনতম ২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। একক বা যৌথ উদ্যোগের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি ও ৫ হাজার টাকা নিবন্ধন ফি দিয়ে আবেদন করা যাবে। নির্বাচিত সেবা প্রদানকারীদের তালিকা ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম জানান, চার হাজার মেগাওয়াটের লক্ষ্য বাস্তবায়নে ওপেক্স প্রকল্পের ব্যাংক অর্থায়ন সুবিধা, সহজ শর্তে দ্রুত ঋণপ্রাপ্তি, উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুনির্দিষ্ট ট্যারিফ কাঠামো এবং দ্রুত এক ছাতার নিচে (ওয়ান-স্টপ) অনুমোদন দেওয়া অত্যন্ত জরুরি। সুপারস্টার রিনিউয়েবলসের প্রধান নির্বাহী তোফায়েল আহমেদ বলেন, দেশজুড়ে উপযুক্ত সেবা প্রদানকারী নিয়োগ এবং জাতীয় গ্রিডের তুলনায় সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী করা গেলে গ্রাহকদের আগ্রহ বাড়বে। তবে বেসরকারি উদ্যোক্তারা সৌর যন্ত্রপাতির আমদানি শুল্ক, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের হুইলিং চার্জ এবং প্রকল্প চলাকালে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিরসনে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছেন।

টিবিএস অবলম্বনে

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.