আপনি পড়ছেন

সুর ও সংগীত নিয়ে আবারও স্পেনে ফিরছেন পপ সম্রাজ্ঞী শাকিরা। দীর্ঘ আট বছর পর কলম্বিয়ান মহাতারকার প্রত্যাবর্তনে থাকছে ১২টি কনসার্ট, যা চলবে তিন সপ্তাহের বেশি সময়জুড়ে। শাকিরাকে স্বাগত জানাতে কার্যত প্রস্তুত হচ্ছে মাদ্রিদ। বিশেষভাবে নির্মিত হচ্ছে ‘শাকিরা স্টেডিয়াম’, যার নকশা করেছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান বিজার্কে ইঙ্গেলস গ্রুপ (BIG)।

এলাহী কারবার: মাদ্রিদে ‘শাকিরা-ঝড়ের’ পূর্বাভাস
পপ সম্রাজ্ঞী শাকিরা

আগামী ১০ দিনের মধ্যে অস্থায়ী স্টেডিয়ামসহ পুরো ভেন্যুর নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছে মাদ্রিদ সিটি কাউন্সিল। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শাকিরার প্রথম শো; শেষটি ১১ অক্টোবর। এর মাঝে ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং ২, ৩, ৪, ৯ ও ১০ অক্টোবর রাতে মাদ্রিদের মঞ্চ কাঁপাবেন শাকিরা। প্রতিটি কনসার্টে ৫০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে। সব মিলিয়ে ১২টি শোতে দর্শকসংখ্যা প্রায় ছয় লাখে পৌঁছাতে পারে।

বিশাল আয়োজনটি হচ্ছে মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকায়। আয়োজক ‘লাইভ নেশন এস্পানিয়া’। এটি শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফরের অংশ। ঐতিহাসিক ‘ইউরোপিয়ান রেসিডেন্সি’ হিসেবে পরিচিত এই আয়োজন। স্পেনে আন্তর্জাতিক শিল্পীদের আবাসিক কনসার্টের এমন বড় আয়োজন এবারই প্রথম—তথ্যটি জানিয়েছে মাদ্রিদের সরকারি পর্যটন বিভাগ।

দেড় লাখ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠছে এই অস্থায়ী আয়োজনস্থল। স্প্যানিশ সংবাদমাধ্যমের ভাষায়, এটি যেন ‘শাকিরার শহর’। থাকছে আটটি থিমভিত্তিক প্যাভিলিয়ন। এর অন্যতম আকর্ষণ ‘ম্যাকন্ডো পার্ক’। কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস ‘নিঃসঙ্গতার ১০০ বছর’-এর কাল্পনিক শহর ম্যাকন্ডো থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হচ্ছে পার্কটি। সেখানে থাকছে শিল্প-সাহিত্য, প্রদর্শনী, সিনেমা, কর্মশালা ও ফ্যাশনসহ নানা আয়োজন। শিশুদের জন্যও থাকছে বিশেষ বিনোদনের ব্যবস্থা।

আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে ল্যাটিন সংস্কৃতির বিশেষ পরিসর ‘এস ল্যাটিনা’। ল্যাটিন আমেরিকান পরিচিতি ও সংস্কৃতির মিশেলে সাজানো এই অংশে সংগীত, খাবার, শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। ফলে শাকিরার কনসার্ট দেখতে আসা দর্শকদের সামনে খুলে যাবে ল্যাটিন আমেরিকার সংস্কৃতিরও এক বৈচিত্র্যময় জানালা।

শাকিরাকে কেন্দ্র করে এই আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। টিকিটের চাহিদা প্রায় আকাশ ছুঁয়েছে। বাংলাদেশি মুদ্রায় টিকিটের সর্বনিম্ন মূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা। বিভিন্ন বিশেষ ক্যাটাগরিতে দাম ছাড়াচ্ছে লাখ টাকার গণ্ডি।

বিপুলসংখ্যক দর্শক সামলানোও বিরাট চ্যালেঞ্জ হবে আয়োজকদের জন্য। কেননা ইবেরদ্রোলা মিউজিক এলাকায় আগের বড় আয়োজনগুলোতে যানজট ও উচ্চ শব্দ নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। তাই এবার নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উন্নত মোবিলিটি পরিকল্পনার পাশাপাশি থাকছে অ্যাকোস্টিক স্ক্রিন, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উন্নত সাইনেজ।

এ ছাড়া দর্শকদের গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। বিশৃঙ্খলা ও ভিড় এড়াতে অনুষ্ঠান শেষে ধাপে ধাপে দর্শকদের বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কনসার্ট চলবে স্থানীয় সময় রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। তবে দর্শকেরা রাত ১টা পর্যন্ত ভেন্যুতে থাকতে পারবেন।

যাকে ঘিরে এমন ‘এলাহী কারবার’, সেই শাকিরাও ফেরার ক্ষণ গুনছেন। তর সইছে না তার। সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়ান সেনসেশন লিখেছেন, ‘এই স্টেডিয়ামটি দেখতে অসাধারণ লাগছে। মাদ্রিদে ইউরোপিয়ান আবাসিক কনসার্টে আপনাদের দেখতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’

শুধু পেশাদার শিল্পী হিসেবেই নয়, এই প্রত্যাবর্তনে ব্যক্তি শাকিরার অন্দরমহলেও আছড়ে পড়তে পারে আবেগের ঢেউ। এই স্পেনের সঙ্গে জড়িয়ে আছে তার ব্যক্তিগত জীবনের অংশ। এখানেই ছিল শাকিরার ‘ঘর-সংসার’। স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের সময় দীর্ঘদিন বার্সেলোনায় বসবাস করেছেন তিনি। প্রাক্তন সঙ্গীর সঙ্গে তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে এই শহরেই। কিন্তু ২০২৩ সালে পিকের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পাড়ি জমান শাকিরা। আপাতত কলম্বিয়ান পপ তারকা প্রহর গুনছেন ‘ঘরে’ ফেরার। তবে বার্সেলোনা নয়, এবার তার ঠিকানা মাদ্রিদ।

তথ্যসূত্র: লাইভ নেশন এস্পানিয়া, মাদ্রিদ পর্যটন বিভাগ, মাদ্রিদ সিটি কাউন্সিল ও ইবেরদ্রোলা মিউজিক।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.