দেশে পাঁচ বছরে পণ্যবাহী ট্রেন অর্ধেক কমেছে
- Details
- by ২৪ ডেস্ক
দেশের আমদানি-রপ্তানি, জ্বালানি, কৃষি ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেলপথে পণ্য পরিবহন ব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। পাঁচ বছরে পণ্যবাহী ট্রেন চলাচল কমেছে প্রায় ৫০ শতাংশ। কমেছে লোকোমোটিভ সরবরাহও। সর্বশেষ অর্থবছরে ২০২১-২২-এর তুলনায় পণ্যবাহী ট্রেনে দৈনিক লোকোমোটিভ সরবরাহ কমেছে প্রায় ৭৫ শতাংশ। ফলে রেলপথে দেশব্যাপী পণ্য পরিবহন ব্যবস্থাপনা নাজুক হয়ে পড়েছে। আজ শনিবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রেলপথে চট্টগ্রাম বন্দর, ঢাকার কমলাপুর আইসিডি, সিলেট, রংপুর, দিনাজপুর ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি ডিপো ও খাদ্যশস্য মজুদাগার যুক্ত। সার, কৃষিপণ্য, পাথর, নির্মাণসামগ্রী ও জ্বালানি পরিবহনেও রেলের ওপর নির্ভরতা রয়েছে। কিন্তু মিটার গেজ লোকোমোটিভের তীব্র সংকটে এসব পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের দৈনিক ১১৯টি লোকোমোটিভের চাহিদার বিপরীতে প্রকৌশল বিভাগ নিয়মিত ৭২-৭৫টি সরবরাহ করত। সম্প্রতি তা নেমে এসেছে ৬৫টিতে। তবে পণ্য পরিবহনে সরবরাহ আরও কম। ২০২১-২২ অর্থবছরে দৈনিক গড়ে ৯ দশমিক ৯১টি লোকোমোটিভের বিপরীতে ৭ দশমিক ৫৯ ট্রিপ পণ্যবাহী ট্রেন চলেছে। ২০২২-২৩ অর্থবছরে ট্রেন চলেছে দৈনিক ৭ দশমিক ৮৮ ট্রিপ। পরবর্তী দুই অর্থবছরে তা কমে যথাক্রমে ৭ দশমিক ২১ ও ৫ দশমিক ৮৮ ট্রিপে দাঁড়ায়। সর্বশেষ অর্থবছরে দৈনিক পণ্যবাহী ট্রেন চলেছে মাত্র ৪ দশমিক ০২ ট্রিপ।
অন্যদিকে সর্বশেষ অর্থবছরে পণ্যবাহী ট্রেনে দৈনিক লোকোমোটিভ সরবরাহ কমে দাঁড়ায় ৩ দশমিক ১৪টিতে। চলতি আগস্টে তা আরও কমে প্রতি দুই দিনে তিনটিতে নেমেছে। গত তিন-চার দিনে কোনো পণ্যবাহী ট্রেনই পরিচালনা করতে পারেনি রেলওয়ের পরিবহন বিভাগ।
চলতি মাসের ১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে কমলাপুর আইসিডিতে কনটেইনারবাহী ট্রেন চলেছে মাত্র ১৯টি। বিপরীতে কমলাপুর থেকে চট্টগ্রামে ট্রিপ হয়েছে ২০টি। এর মধ্যে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন লোকোমোটিভ বিকল হয়ে কয়েকদিন ধরে আটকে রয়েছে। ২৭ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমদানি কনটেইনারের মজুদ বেড়ে হয়েছে ৫৯৮টি। চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) দুই সপ্তাহ ধরে ৪৮১টি লোডেড কনটেইনার অপেক্ষমাণ রয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময়েও পণ্যবাহী ট্রেনে লোকোমোটিভ সরবরাহে কৃচ্ছ্রসাধন করত যান্ত্রিক প্রকৌশল বিভাগ। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চালাতেই লোকোমোটিভ সংকট দেখা দেয়ায় পণ্য পরিবহনে সরবরাহ কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট আরও বাড়বে। এতে জ্বালানি সরবরাহ ও বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থার ঝুঁকি তৈরি হতে পারে।
বিগত দেড় দশকে রেল খাতে দেড় লাখ কোটি টাকার বেশি বিনিয়োগ হলেও লোকোমোটিভ আমদানিতে রেলের ধীরগতি নিয়ে প্রশ্ন রয়েছে। সর্বশেষ ২০২০ সালের দিকে কোরিয়ার হুন্দাই রোটেম থেকে ৩০টি মিটার গেজ লোকোমোটিভ কেনা হয়। এসব ইঞ্জিনের কয়েকটিতে চুক্তিতে নির্ধারিত টিএ-১২-এর বদলে অপেক্ষাকৃত পুরনো ও কম ক্ষমতাসম্পন্ন টিএ-৯ মডেলের অল্টারনেটর ব্যবহারের অভিযোগ রয়েছে। বর্তমানে এসব লোকোমোটিভের ১৫টির বেশি চারটির পরিবর্তে দুটি মোটরে চলছে বলে জানা গেছে।
রেলের কর্মকর্তারা জানান, ২০২৩-২৪ সালের দিকে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিভিন্ন লোকোমোটিভের যন্ত্রাংশ আমদানি ব্যাহত হয়। পরবর্তী সময়ে নতুন লোকোমোটিভ আমদানি ও পুরনোগুলো সংস্কারের উদ্যোগেও ধীরগতি দেখা দেয়। বিশ্ববাজার থেকে দরপত্রের মাধ্যমে মিটার গেজ লোকোমোটিভ কিনতে দুই-তিন বছর সময় লাগে। এর মধ্যে চীন ২০টি লোকোমোটিভ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি দ্রুত ৩০টি মিটার গেজ লোকোমোটিভ বিক্রির প্রস্তাব দিলেও প্রশাসনিক মতানৈক্যে তা বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম-চট্টগ্রাম) মোস্তাফিজুর রহমান ভূঁয়া বলেন, ‘রেলওয়ে সব সময় চায় যাত্রীর পাশাপাশি পণ্যবাহী সেবাও বাড়াতে। তবে সরকারি প্রতিষ্ঠান হিসেবে লোকোমোটিভ, যন্ত্রাংশ আমদানিসহ বিভিন্ন বিষয়ে সময়ক্ষেপণ হয়। বিদ্যমান লোকোমোটিভ মেরামতসহ বেশকিছু প্রকল্পের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি অচিরেই লোকোমোটিভ সংকট নিরসন করে পণ্যবাহী ট্রেন চলাচলও স্বাভাবিক করা সম্ভব হবে।’
এদিকে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের বিপণন কোম্পানিগুলো বুকিং দিয়েও কনটেইনার ও জ্বালানিবাহী ট্রেন পরিচালনা করতে পারছে না। গত সপ্তাহে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষও কনটেইনার জটের কথা উল্লেখ করে রেলওয়েকে চিঠি দিয়েছে।
এমএইচ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, কমলাপুর আইসিডির মাধ্যমে পণ্য আমদানি-রফতানির সুযোগ থাকায় অনেক ব্যবসায়ী রেলপথে কনটেইনার পরিবহন করতে চান। কিন্তু রেলের মাধ্যমে পরিবহনে সময়ক্ষেপণের কারণে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে দ্রুত কনটেইনারবাহী ট্রেন চলাচল স্বাভাবিক করা প্রয়োজন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.