কূটনৈতিক চাপে উদ্ধারকাজে বিদেশি সহায়তা নিতে রাজি নেপাল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে সহায়তার অনুমতি না দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নেপাল সরকার। দুর্যোগে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকায় সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপক কূটনৈতিক চাপের মুখে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর কাঠমান্ডু পোস্টের

গত বুধবার বিপুল পরিমাণ পাথর, বরফ ও কাদাসহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার দুই দিন পর বিভিন্ন স্থানে মরদেহ পাওয়া যাচ্ছে। নেপাল ও তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালে ৬১৬ জনের মরদেহ পাওয়া গেছে। চীনের তিব্বতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে আড়াই হাজারের মানুষ এখনও নিখোঁজ।
বুধবার নেপাল সরকার জানিয়েছিল, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা দেশটির নিজস্ব উদ্ধারকারী দলের রয়েছে। তাই অন্য কোনো দেশের উদ্ধারকারী দলকে নেপালে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে এক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। এখন সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক পরীক্ষার মতো নির্দিষ্ট কাজে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে।
নেপাল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য পোস্টকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। কারণ বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাদের দেশের নাগরিকও রয়েছেন। অন্তত অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং কিছু বিশেষজ্ঞকে অনুমতি দেওয়ার জন্য তারা চাপ দিয়েছে। আমরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমিতসংখ্যক বিশেষজ্ঞকে অনুমতি দিচ্ছি।
নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক; ১৭৮ জন। এছাড়া ৬৫ জন মার্কিন নাগরিক, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে আন্তমন্ত্রণালয় সমন্বয় কমিটির মাধ্যমে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিশেষজ্ঞ ও কারিগরি দল পাঠানোর অনুমতি দিয়েছে নেপাল সরকার। এসব দলের সদস্যদের সুড়ঙ্গ থেকে উদ্ধার অভিযান, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক পরীক্ষায় অভিজ্ঞতা রয়েছে।
নেপালকে ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি দেশ তাদের বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের অনুরোধ সরকার গ্রহণ করেনি।
কাঠমান্ডুতে অবস্থিত অন্তত দুটি দেশের দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দেশের কয়েক ডজন নাগরিক নিখোঁজ থাকায় অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য তারা নেপাল সরকারকে দল পাঠানোর অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
একটি দেশের দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আমাদের লোকজনকে খুঁজে বের করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই তিন দিন পার হয়ে গেছে। আমরা তাদের নিয়ে সত্যিই উদ্বিগ্ন। কিন্তু সহায়তার জন্য আমাদের অনুরোধ গ্রহণ করা হয়নি।
কয়েকটি দেশ প্রকাশ্যেও নেপালকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, ভারত একটি সুড়ঙ্গ উদ্ধারকারী দল, একটি চিকিৎসক দল এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।
একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়শঙ্কর লেখেন, আজ সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা বিভিন্ন ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি। তারা সেগুলো মূল্যায়ন করছে। তিনি জানান, নেপালে চতুর্থ দফার ত্রাণসামগ্রী পাঠানোর সময় ১১ সদস্যের একটি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুড়ঙ্গ উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।
দক্ষিণ কোরিয়াও অতিরিক্ত সহায়তার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন নেপালের পররাষ্ট্রমন্ত্রী খানালের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নেপালে থাকা দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মধ্যে নয়জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী খানাল দ্য পোস্টকে বলেন, আমরা সহায়তার জন্য তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছি এবং সে অনুযায়ী আন্তর্জাতিক সহায়তা চাচ্ছি।
চার দেশের বিশেষজ্ঞ দলকে রাসুয়া ও নুয়াকোট জেলার জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করার অনুমতি দেওয়া হবে। বুধবারের বন্যায় ওই দুই জেলার ১৪টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি রাসুয়া এবং ছয়টি নুয়াকোটে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.