ইইউতে যোগদানের আলোচনা বাতিল করল আইসল্যান্ড
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আইসল্যান্ডের ভোটাররা। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম আরইউভি জানিয়েছে, প্রায় সব ভোট গণনা শেষে দেখা গেছে, প্রস্তাবটির বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট পড়েছে ৫২ দশমিক ৫ শতাংশ এবং পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ।

ভোটাভুটির এ ফলাফল ২৭ দেশের এই জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ক্ষেত্রে আইসল্যান্ডের বর্তমান সরকারের প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে এটি সরাসরি ইইউতে যোগদানের কোনো ভোট ছিল না; বরং এক দশকেরও বেশি সময় আগে স্থগিত হওয়া যোগদানের আলোচনা ফের শুরু করা উচিত কি না, সে বিষয়ে জনমত যাচাই করা হয়েছিল।
আইসল্যান্ড সরকার যুক্তি দিয়েছিল, ইইউর সঙ্গে পুনরায় আলোচনা শুরু হলে দেশটি ক্রমবর্ধমান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ—বিশেষ করে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা সংকট মোকাবিলায় সহায়তা পাবে। তবে বিরোধীরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। তাদের প্রধান যুক্তি ছিল, ইইউতে যোগ দিলে দেশের অর্থনীতির মূল ভিত্তি মৎস্য খাতের ওপর নিয়ন্ত্রণ হারাবে এবং জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে।
‘না’ ভোটের পক্ষে প্রচার চালানো দেশটির বিরোধীদলীয় নেতা গুদরুন হাফস্টেইনসডোত্তির বলেন, ‘এসব সমস্যার সমাধান ব্রাসেলস আমাদের জন্য করে দেবে না। এগুলো এমন সমস্যা যা আইসল্যান্ডের রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে।’
অন্যদিকে সমর্থকদের দাবি ছিল, ইইউ সদস্যপদ দেশটির উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারত। বর্তমানে আইসল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার ৮ শতাংশ, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ২ দশমিক ২৫ শতাংশের তুলনায় অনেক বেশি।
আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তনের কারণেই মূলত ইইউ নিয়ে এই আলোচনা জোরালো হয়ে ওঠে। আইসল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এবং প্রতিরক্ষার জন্য মিত্রদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৪ সালে নির্বাচিত দেশটির বামপন্থী জোট সরকার আগামী বছর এই গণভোট আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নীতি নিয়ে কথা বলার সময় ভুলবশত চারবার আইসল্যান্ডের নাম উল্লেখ করার পর সরকার গণভোটের বিষয়টি এগিয়ে নিয়ে আসে।
আইসল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাডোত্তির ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘একটি ভোটের সুযোগ পাওয়ার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি।’ তিনি আরও যোগ করেন, ফলাফলের তোয়াক্কা না করে তার সরকার কাজ চালিয়ে যাবে।
বর্তমান সরকারের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকায় এই সময়ের মধ্যে ইইউতে যোগদানের বিষয়ে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নেই বললেই চলে। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ) এবং শেঞ্জেন অঞ্চলের সদস্য হিসেবে ইইউর একক বাজারে আইসল্যান্ডের সুবিধা বজায় থাকবে। তবে আইসল্যান্ড আনুষ্ঠানিকভাবে তার ইইউ সদস্যপদের আবেদন প্রত্যাহার করবে কি না, বিষয়টি দেশটির পার্লামেন্টে পাঠানো হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.