আপনি পড়ছেন

পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বহাল রাখা এবং বিরোধপূর্ণ কাশ্মিরে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ স্থগিতের নির্দেশ দিয়েছে দ্য হেগভিত্তিক স্থায়ী সালিশি আদালত (পিসিএ)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আদালত জানায়, এই চুক্তি এখনও পুরোপুরি কার্যকর রয়েছে এবং এর শর্তাবলি মানতে ভারত বাধ্য। একই সঙ্গে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের বিতর্কিত রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত।

সিন্ধু পানি চুক্তি মানতে ভারতকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ
ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু অববাহিকার একটি নদী

পিসিএ জানিয়েছে, সিন্ধু পানি চুক্তি বাতিল বা স্থগিত হয়নি। সর্বসম্মত সিদ্ধান্তে আদালত উল্লেখ করে, ভারত যেসব যুক্তি তুলে ধরেছে, তার কোনোটিই চুক্তি স্থগিত বা বাতিলের বৈধ কারণ হতে পারে না। বিবৃতিতে আদালত জানায়, ‘ভারত এই চুক্তির আওতাধীন দায়বদ্ধতা মেনে চলতে বাধ্য। যার মধ্যে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা, পরিচালনা এবং সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।’

আদালত আরও সিদ্ধান্ত দিয়েছে, একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের পর আরও ৯০ দিন পর্যন্ত রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের দেয়াল ও পানি প্রবেশ কাঠামোর কংক্রিট ঢালাই নির্দিষ্ট সীমার ওপরে বাড়ানো থেকে ভারতকে বিরত থাকতে হবে। নিরপেক্ষ বিশেষজ্ঞের এই সিদ্ধান্ত ২০২৭ সালের জুলাই মাসে আসার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘চুক্তির আওতায় থাকা সব বাধ্যবাধকতা এবং বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলক সিদ্ধান্তগুলো ভারতকে অবশ্যই পুরোপুরি মেনে চলতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, চুক্তির অধীনে নিজেদের অধিকার সুরক্ষায় পাকিস্তান দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তবে আদালতের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সালিশি আদালতের ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর কোনো ধরনের রায় দেওয়ার এখতিয়ার নেই। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তার ওপর এই আদালতের মতামতের কোনো প্রভাব পড়বে না এবং চুক্তি স্থগিত রাখার ভারতীয় সিদ্ধান্ত বহাল থাকবে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গত বছরের এপ্রিলে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই ঐতিহাসিক চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল ভারত। ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করা হলেও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করে। এর জেরে পরবর্তীতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সীমান্তে চার দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায়।

১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, অববাহিকার ছয়টি নদীর মধ্যে পূর্বাঞ্চলের তিনটি নদী—শতদ্রু, বিপাশা ও রাভি ভারতকে দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমাঞ্চলের তিনটি নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাবের নিয়ন্ত্রণ পায় পাকিস্তান। পাকিস্তানের দাবি, এসব নদীতে ভারতের পরিকল্পিত জলবিদ্যুৎ বাঁধ তাদের পানির প্রবাহ কমিয়ে দেবে, যা দেশটির ৮০ শতাংশ সেচনির্ভর কৃষিকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.