আপনি পড়ছেন

গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময়ের লোডশেডিং কমাতে রাজধানীসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং দিয়ে সাশ্রয় করা বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

ঢাকায় লোডশেডিং বাড়িয়ে গ্রামে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত
ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তরের সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, আগে রাজধানী ও বড় শহরে তুলনামূলক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বেশি সময় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হতো। বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের চাপ বিভিন্ন এলাকার মধ্যে তুলনামূলক সমভাবে ভাগ করে দেওয়ার নীতি নিয়েছে।

তথ্য উপদেষ্টার ভাষ্য, রাজধানীতে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের চাহিদাও তুলনামূলক বেশি। তারপরও গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরবরাহ পুনর্বণ্টন করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকার ডিপিডিসি ও ডেসকোর এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করায় রাজধানীর বাইরে শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সমস্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।

বর্তমান বিদ্যুৎ ঘাটতির পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে জানান জাহেদ উর রহমান। এর মধ্যে জ্বালানি সরবরাহের সংকট, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণজনিত বন্ধ থাকা, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর প্রভাব কমবেশি সবাইকে বহন করতে হচ্ছে। তবে বর্তমান মাত্রার ভোগান্তি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুরোপুরি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগতে পারে—অর্থমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি।

তার মতে, এর অর্থ এই নয় যে বর্তমান মাত্রার লোডশেডিং দুই বছর ধরে চলবে। যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সরবরাহের সাম্প্রতিক সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে তুলনামূলক কম সময়ের মধ্যেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে পারে।

তবে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে জানান জাহেদ উর রহমান। এ জন্য নতুন এলএনজি অবকাঠামো গড়ে তোলা, দেশে গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনেও সময় প্রয়োজন হবে বলে জানান তিনি। এসব অবকাঠামো চালু হলে দেশে এলএনজি আমদানির সক্ষমতা বাড়বে এবং জ্বালানি সরবরাহের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে জ্বালানি খাতের জন্য অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখছে সরকার। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.