আপনি পড়ছেন

পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও সম্প্রসারণে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ হাজার ৪৮৯ কোটি টাকা। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এই অর্থায়নের তথ্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলার বিদ্যুৎ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

পাহাড়ে বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়নে এডিবির বড় অর্থায়ন
এশীয় উন্নয়ন ব্যাংক

'সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস' প্রকল্পের আওতায় ৩৩/১১ কিলোভোল্টের ছয়টি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হবে। এতে সঞ্চালন সক্ষমতা বৃদ্ধি পাবে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী পরিবাহক ব্যবহার করে ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন স্থাপন এবং ১ হাজার ৮৭৪ কিলোমিটার বিদ্যমান লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চারটি উপকেন্দ্র, একটি সুইচিং স্টেশন ও একটি জোনাল ওয়ার্কশপ আধুনিকায়ন করা হবে।

অবকাঠামোগত এই সংস্কারের ফলে বিদ্যুৎ ব্যবস্থার পরিচালন ব্যয় ও সিস্টেম লস উল্লেখযোগ্য হারে কমবে এবং গ্রিডের দুর্যোগসহনশীলতা বৃদ্ধি পাবে। এছাড়া বছরে প্রায় ১৯ হাজার ৩০০ টন কার্বন নিঃসরণ হ্রাস পাওয়ার পাশাপাশি অন্তত ৮৮ হাজার পরিবার সরাসরি বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে, যার মধ্যে ৩৫ হাজার পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর।

বর্তমানে সারাদেশে বিদ্যুতায়নের হার ৯৯ শতাংশ হলেও পার্বত্য অঞ্চলে গ্রিড সংযোগের হার বেশ সীমিত। রাঙ্গামাটিতে এই হার ৪৩ শতাংশ, বান্দরবানে ৪১ শতাংশ এবং খাগড়াছড়িতে ৪৯ শতাংশ। এডিবির এই প্রকল্পের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে পার্বত্য অঞ্চলে গ্রিড সংযোগের হার ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করার উপযোগী করে গ্রিড প্রস্তুত করা হবে।

প্রকল্পটিতে এডিবির ঋণের পাশাপাশি 'জাপান ফান্ড ফর প্রসপারাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' থেকে ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ সরকার ৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার এবং বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার অর্থায়ন করবে।

সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পাহাড়ি এলাকার স্কুল, হাসপাতাল ও উপাসনালয়ে ২০টি সৌরবিদ্যুৎ ব্যাকআপ এবং নারীদের নেতৃত্বে পরিচালিত ৩০টি সৌরচালিত সুপেয় পানির ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি গ্রাহকসেবার মান বাড়াতে তিনটি অভিযোগ কেন্দ্র, তিনটি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনসহ এক হাজার স্থানীয় বাসিন্দাকে বিভিন্ন জীবিকাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং উল্লেখ করেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.