দীনেশ ত্রিবেদী: অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অতীতের ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার মতে, দুই দেশের সম্পর্কের পথে নানা চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, অতীতকে অস্বীকার বা ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতের বিষয় নিয়ে আটকে থাকলে দুই দেশের উন্নয়ন ও সহযোগিতার কাজ এগিয়ে নেওয়া কঠিন হবে। তাই বিদ্যমান চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ভারতীয় হাইকমিশনার। তার ভাষ্য, সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে অন্য দেশের প্রতিনিধির মন্তব্য করা সমীচীন নয়। জনগণ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই দেশের মানুষের জন্য কোনটি কল্যাণকর, তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়ে। তাই মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
প্রতিবেশী দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্ত ভাগ করে না, তারা অনেক স্বপ্নও ভাগ করে নেয়। প্রতিবেশী হিসেবে দুই দেশের দায়িত্বও তাই বেশি। সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশই বড় বা ছোট নয়; উভয় দেশ সমান অংশীদার।
বাংলাদেশ ও ভারতের সামনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশেরই নিজস্ব রাজনৈতিক ও অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে। এসব বাস্তবতা মাথায় রেখেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে জানান ভারতের হাইকমিশনার। কীভাবে বাংলাদেশ ও ভারত পারস্পরিকভাবে আরও মুক্ত বাণিজ্যের সুযোগ তৈরি করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সৌজন্য সাক্ষাৎ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতের হাইকমিশনার শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভারতের হাইকমিশনার তার দেশের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাকে জানানো হয়েছে, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মীর শাহে আলম বলেন, নির্বাচন আয়োজন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হওয়ায় নির্বাচনের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.