আপনি পড়ছেন

দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত পাহারায় ড্রোন, দেশে প্রথম বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন
সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিজিবির সিলেট সেক্টর সদরদপ্তরে বিশেষায়িত এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে নামফলক উন্মোচনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের দুর্গম ও বনাঞ্চলঘেরা এমন অনেক এলাকা রয়েছে, যেখানে সরাসরি জনবল মোতায়েন করে নিয়মিত নজরদারি চালানো কঠিন। এসব এলাকায় থার্মাল ইমেজিং ও নাইট ভিশন প্রযুক্তিসম্পন্ন ড্রোন ব্যবহার করে দিন-রাত সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

তিনি বলেন, আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে সীমান্তের বিভিন্ন তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র পরিবহনের সম্ভাব্য পথ শনাক্ত করা সহজ হবে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হবে।

সীমান্ত নিরাপত্তার বাইরে প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ মোকাবিলাতেও ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ড্রোন ইতোমধ্যে কার্যকর ভূমিকা রাখছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও বিজিবি ড্রোন প্রযুক্তি সফলভাবে ব্যবহার করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কেন্দ্রটিতে বিজিবি সদস্যদের সীমান্ত নজরদারি ও ড্রোন পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে বেসামরিক জনবলকেও আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের আধুনিক ড্রোন প্রযুক্তির বিভিন্ন সক্ষমতা এই প্রশিক্ষণকেন্দ্রে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে দেশের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে সময়োপযোগী করা হয়েছে। একই সঙ্গে জেলা পর্যায়ে ল্যাবরেটরি, হাজতখানা, ডগ স্কোয়াড ও আধুনিক অস্ত্রসহ প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

আইনি কার্যক্রমে বাধা সৃষ্টি করতে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা তৈরির যেকোনো প্রচেষ্টা প্রচলিত আইনের আওতায় কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।

উদ্বোধনের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পরে তিনি ড্রোন স্কুল কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এরপর বিজিবি সদস্যদের পরিচালনায় বাস্তবভিত্তিক একটি অপারেশনাল মহড়া এবং ড্রোনের বিভিন্ন সক্ষমতার প্রদর্শনী দেখেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিজিবির সদরদপ্তর, স্থানীয় প্রশাসন এবং সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক করতে বিশেষায়িত এই প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রমে নতুন সক্ষমতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.