আপনি পড়ছেন

ইন্দোনেশিয়া সপ্তাহজুড়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে। দেশটির সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কালিমেন্টান অঞ্চলের বন ও জমিতে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপিন্সে। ঘন বিষাক্ত ধোঁয়ায় এসব দেশের বিভিন্ন এলাকায় বায়ুর মান দ্রুত অবনতি হয়েছে। খবর বিবিসির

ইন্দোনেশিয়ার দাবানল: ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়াসহ তিন দেশ
ইন্দোনেশিয়ায় দাবানল। ছবি- বিবিসি

ইন্দোনেশিয়ার কালিমেন্টানে আগুনের ধোঁয়ায় বিশাল এলাকা ঢেকে গেছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ অভিযানও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার কর্মকর্তা মোতায়েন করেছে ইন্দোনেশিয়া সরকার। আগুন নিয়ন্ত্রণে স্থলবাহিনীর পাশাপাশি বিমান থেকেও পানি ছিটানো হচ্ছে। তবে ঘন ধোঁয়া ও পানির সংকটের কারণে বিমান অভিযানও বাধাগ্রস্ত হচ্ছে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন, এ বছর দাবানলের ভয়াবহতার পেছনে মানুষের কর্মকাণ্ডের পাশাপাশি তীব্র শুষ্ক আবহাওয়াও বড় ভূমিকা রাখছে। দেশটির বনমন্ত্রী সতর্ক করে বলেছেন, চলতি মাসে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে উঠতে পারে। তিনি বলেন, দাবানলের বড় একটি অংশই মানুষের কর্মকাণ্ডের কারণে সৃষ্টি হয়েছে।

শুষ্ক মৌসুমে কৃষিজমি ও পাম অয়েল চাষের জন্য জমি পরিষ্কার করতে আগুন ব্যবহারের প্রবণতা ইন্দোনেশিয়ায় দীর্ঘদিনের। আইনত নিষিদ্ধ হলেও এ পদ্ধতি পুরোপুরি বন্ধ হয়নি। শুকনো আবহাওয়ায় ছোট আগুন দ্রুত বড় আকার ধারণ করে আশপাশের বনাঞ্চল ও পিটভূমিতে ছড়িয়ে পড়ছে। চলতি বছরের জুলাইয়েই প্রায় ৯৫ হাজার হেক্টর জমি পুড়েছে এবং আগস্টে ৯ হাজারের বেশি আগুনের হটস্পট শনাক্ত হয়েছে।

ইন্দোনেশিয়া সরকার ইতোমধ্যে আগুনের সঙ্গে সংশ্লিষ্ট ১৯টি কোম্পানির জমি পরিদর্শন শুরু করেছে। এসব কোম্পানির আওতাধীন এলাকায় মোট ১১ হাজারের বেশি হেক্টর জমিতে আগুনের চিহ্ন পাওয়া গেছে। আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দাবানলের ধোঁয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সারাওয়াক রাজ্যে। কয়েকটি এলাকায় বায়ুদূষণের সূচক ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। কুচিং ও সারিয়ানের মতো এলাকায় সূচক ৪০০ ছাড়িয়েছে, যেখানে ১০০-এর ওপরে থাকলেই বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এই পরিস্থিতির কারণে বাইরে বিভিন্ন কর্মসূচিও বাতিল করা হয়েছে এবং কয়েকটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে।

সিঙ্গাপুরও পরিস্থিতির ওপর নজর রাখছে। দেশটির কর্মকর্তারা আগের বড় দাবানলের অভিজ্ঞতা থেকে সতর্ক রয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ব্যাপক বায়ুদূষণ হয়েছিল। এবারও পরিস্থিতি খারাপ হলে স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফিলিপিন্সের পালাওয়ানেও ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের চোখ, নাক ও গলায় জ্বালা এবং মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। একজন স্থানীয় চিকিৎসক জানান, প্রথমে পোড়া গন্ধ অনুভূত হলেও পরে তারা জানতে পারেন, সেই গন্ধ ইন্দোনেশিয়ার বনাঞ্চলের আগুন থেকে আসা ধোঁয়ার কারণে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, শুষ্ক মৌসুম ও এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এরই মধ্যে ইন্দোনেশিয়ার দাবানলকে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবারও আন্তসীমান্ত বায়ুদূষণের পুরোনো সংকট ফিরে এসেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.