এফএও: খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
প্রতিকূল আবহাওয়া এবং কৃষ্ণসাগরে যুদ্ধজনিত অচলাবস্থার কারণে খাদ্যশস্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে ২০২২ সালের শেষের দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যসূচক আগস্টে আগের মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এতে মূলত চালিকাশক্তি হিসেবে কাজ করেছে খাদ্যশস্য ও চিনির মূল্যবৃদ্ধি।

ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও খরা, মারাত্মক ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতির আশঙ্কা এবং ইউক্রেন ও ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হওয়া অস্থিরতা কৃষিপণ্যের বাজারে বিরূপ প্রভাব ফেলেছে। এর ফলে খাদ্যশস্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চে এবং চিনির দাম এক বছরের মধ্যে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্বজুড়ে ব্যাপকভাবে কেনাবেচা হওয়া খাদ্যপণ্যের মাসিক দামের ওঠানামা পর্যবেক্ষণকারী ‘এফএও ফুড প্রাইস ইনডেক্স’ আগস্টে গড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্টের চেয়ে বেশি। এটি ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পয়েন্ট হলেও, ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের পর ২০২২ সালের মার্চে পৌঁছানো রেকর্ড সর্বোচ্চ স্তরের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম।
এক বিবৃতিতে এফএও প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো বলেন, ‘আগস্টে বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি মূলত খাদ্যপণ্যের বাজারে বাড়তি ঝুঁকির ফিরে আসার একটি সতর্কবার্তা। জলবায়ু সংক্রান্ত ধাক্কা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিঘ্নিত বাণিজ্য সরবরাহব্যবস্থা একত্রিত হয়ে খাদ্য সরবরাহের পূর্বাভাসকে সীমিত করে তুলছে।’
আগস্টে খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের বৈশ্বিক মূল্যসূচক বেড়েছে। সংস্থাটি জানায়, ইউরোপের বৈরী আবহাওয়া ভুট্টা ও সুগার বিট উৎপাদনের পাশাপাশি গবাদিপশু উৎপাদনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে সম্ভাব্য এল নিনোর কারণে এশিয়ায় পাম তেল এবং চিনি উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষ্ণসাগরে ক্রমবর্ধমান হামলার কারণে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যশস্যের চালান কমে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ফসলের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহপ্রবাহে বাধা সৃষ্টি করছে।
খাদ্যপণ্যের বিভিন্ন বিভাগের মধ্যে খাদ্যশস্যের মূল্যসূচক মাসিক হিসাবে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চে পৌঁছেছে। অন্যদিকে উদ্ভিজ্জ তেলের সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
সংস্থাটির চিনির মূল্যসূচক ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চে পৌঁছেছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় মূল উৎপাদন অঞ্চলে উৎপাদন কমে যাওয়া এবং ইউরোপ ও এশিয়ার আবহাওয়া সংক্রান্ত উদ্বেগ চিনির বাজারকে অস্থিতিশীল করেছে।
পৃথক এক প্রতিবেদনে সংস্থাটি ২০২৬ সালের বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস আগের জুলাইয়ের অনুমানের চেয়ে ৩৪ লাখ মেট্রিক টন কমিয়ে ২৯৮ কোটি টনে নির্ধারণ করেছে। এটি ২০২৫ সালের চেয়ে ২ দশমিক ০ শতাংশ কম, যা ২০১৮ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে এই আনুমানিক উৎপাদনও ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
২০২৬/২০২৭ মৌসুমের শেষে বিশ্বে খাদ্যশস্যের মজুতের পূর্বাভাস ১ দশমিক ১ শতাংশ কমিয়ে ৯৪ কোটি ৭২ লাখ টনে নামিয়ে আনা হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় সামান্য বেশি। ফাও আরও জানায়, কৃষ্ণসাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় রাশিয়া ও ইউক্রেনে গম মজুত বৃদ্ধির সম্ভাবনা থাকলেও, মোটা দানার শস্যের মজুত কমে যাওয়ায় সার্বিক মজুতের অনুমানে প্রভাব পড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.