আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের তিন নাগরিকসহ চারজনকে বহনকারী দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মায়ামির একটি আদালত। ১৯৯৬ সালের ওই প্রাণঘাতী ঘটনায় ৯৫ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্টের তদন্তের পর শুক্রবার এই পরোয়ানায় সই করা হয়।

বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো

মায়ামি হেরাল্ড ও টাম্পা বে টাইমসের সংগ্রহ করা আদালতের নথি অনুযায়ী, কিউবার গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে মিলে রাউল কাস্ত্রো পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটনের ষড়যন্ত্র করেছিলেন।

হলফনামায় যুক্তি উপস্থাপন করে বলা হয়, এই মামলায় কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের এখতিয়ার ফ্লোরিডার রয়েছে। কারণ কিউবার দুই গুপ্তচর মায়ামি ও কি ওয়েস্টভিত্তিক ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামের একটি সংগঠনে অনুপ্রবেশ করেছিল এবং বিমান দুটি ভূপাতিত করার আগে কিউবা কর্তৃপক্ষের কাছে ফ্লাইটের সমস্ত তথ্য পাঠিয়েছিল।

‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ হলো কিউবান নির্বাসিতদের দ্বারা গঠিত ফ্লোরিডাভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যারা মূলত কিউবা সরকারের তীব্র বিরোধিতার জন্য পরিচিত।

হলফনামার তথ্য অনুযায়ী, কিউবার ওই গোয়েন্দা নেটওয়ার্ক তাদের তথ্যদাতাদের ১৯৯৬ সালের ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংস্থাটির সঙ্গে কোনো বিমানে না ওড়ার নির্দেশ দিয়েছিল। বিমানের ওপর হামলা চালানোর ঠিক আগের দিন, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি তাদের একজন তথ্যদাতা ফ্লোরিডা ছেড়ে কিউবায় ফিরে যান।

হলফনামায় বলা হয়, ‘(ব্রাদার্স টু দ্য রেসকিউ) বিমানে থাকা ব্যক্তিদের প্রথম মাত্রার হত্যাকাণ্ড সংঘটনের বিষয়ে বিবাদী রাউল মোদেস্তো কাস্ত্রো রুজ অন্যদের সঙ্গে একমত হয়েছিলেন—এমন বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ রয়েছে।’

১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি কিউবার যুদ্ধবিমান ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ পরিচালিত দুটি ছোট বিমানে গুলি চালিয়ে ভূপাতিত করে। এতে বিমানে থাকা চার আরোহীর সবাই নিহত হন।

কিউবা কর্তৃপক্ষের দাবি ছিল, বিমান দুটি তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং আত্মরক্ষার্থেই তারা এই পদক্ষেপ নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি ছিল, বিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমায় অবস্থান করছিল। পরবর্তী সময়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাও (আইসিএও) যুক্তরাষ্ট্রের অবস্থান সমর্থন করে জানায়, ঘটনাটি কিউবার আকাশসীমার বাইরে ঘটেছিল।

হলফনামায় আরও বলা হয়, ফ্লোরিডায় এই ষড়যন্ত্র সংঘটিত হওয়ার বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। কারণ গুপ্তচরেরা ফ্লাইটের তথ্য সরবরাহ করার পাশাপাশি সেখানকার নৌ বিমানঘাঁটিও পর্যবেক্ষণ করেছিল।

ঘটনাটিতে কাস্ত্রোর ভূমিকা নিয়ে চলতি বছরের মার্চে অঙ্গরাজ্য পর্যায়ের একটি ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার। সেই ঘোষণার কয়েক মাস পর এই পরোয়ানা জারি করা হলো।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্ত্রোর বিরুদ্ধে এটি দ্বিতীয় পরোয়ানা। ঘটনার সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কাস্ত্রোর বিরুদ্ধে চলতি বছরের মে মাসেও হত্যাকাণ্ড ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল মার্কিন বিচার বিভাগ।

ঘটনাটির ৩০তম বার্ষিকী যখন ঘনিয়ে এসেছে, তখন কয়েক দশক ধরে বিচারের দাবির মুখে থাকা এই মামলায় অঙ্গরাজ্যটির সর্বশেষ পরোয়ানাটিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার মায়ামিতে এক সংবাদ সম্মেলনে উথমিয়ার আনুষ্ঠানিকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

রাউল কাস্ত্রো প্রয়াত ফিদেল কাস্ত্রোর ভাই। ফিদেল কাস্ত্রো প্রায় ৫০ বছর দ্বীপরাষ্ট্র কিউবা শাসন করার পর ২০১৬ সালে মারা যান। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ২০০৬ সালে সাময়িকভাবে ভাইয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাউল কাস্ত্রো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.