আপনি পড়ছেন

জ্বালানি খাতের টেকসই নিরাপত্তার জন্য নতুন মেগা প্রকল্পের চেয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর আর্থিক দুর্বলতা দূরীকরণ ও প্রশাসনিক সংস্কারকে মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। ২০৩১ সাল পর্যন্ত নির্ধারিত কৌশলগত রূপরেখায় সরকার খুলনা ও বরিশালে নতুন দুটি এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তবে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অদক্ষতা নিরসন এবং সংস্থাসমূহের কাঠামোগত দুর্বলতা দূর করতে সুনির্দিষ্ট কোনো সময়ভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়নি। আজ শনিবার বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ-গ্যাস খাত: মেগা প্রকল্পের ভিড়ে উপেক্ষিত প্রাতিষ্ঠানিক সংস্কার
প্রতীকী ছবি

বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৭ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। অতিরিক্ত অলস সক্ষমতার কারণে প্রতি বছর সরকারকে প্রায় ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরেও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ৫২ হাজার কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় সংস্থাটি সরকারি সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত সক্ষমতা কমানোর কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে আগামী পাঁচ বছরের চাহিদার (২৫ হাজার ৭১৪ মেগাওয়াট) বিপরীতে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা এ খাতের ওপর আর্থিক চাপ আরও বাড়াবে।

একইভাবে পেট্রোবাংলার ওপরও বাড়ছে আমদানি ও ভর্তুকির বোঝা। জ্বালানি আমদানিতে বার্ষিক ব্যয় ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে খরচ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। দেশে এলএনজি আমদানি শুরুর পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এ খাতে প্রায় ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ব্যয়ের পাশাপাশি সরকারের ভর্তুকি গুনতে হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বিদ্যমান টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও অর্থ সংস্থানেই যেখানে পেট্রোবাংলা হিমশিম খাচ্ছে, সেখানে নতুন অবকাঠামো আমদানিনির্ভরতা আরও বাড়িয়ে তুলবে।

প্রাতিষ্ঠানিক রূপান্তরের গুরুত্ব তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন জানান, সংকট সমাধানে এখনই প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করা জরুরি। শুধু অবকাঠামো সম্প্রসারণের ওপর জোর দিয়ে এ খাতের স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

দেশীয় সম্পদের ব্যবহারের ক্ষেত্রেও সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে। ভোলার দেড় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ৬০০ কোটি টাকার পাইপলাইন প্রকল্প অর্থায়নের অভাবে আটকে থাকলেও সেখানে নতুন ৪০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ১ লাখ ৩৮ হাজার কোটি টাকায় বাস্তবায়নাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার আগেই দ্বিতীয় প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমদ ফারুক চিশতী। তিনি বিদ্যমান অবকাঠামো দক্ষতার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, বিপিডিবি, পিজিসিবি, বিইআরসি, পেট্রোবাংলা ও বিপিসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও জীবাশ্ম জ্বালানিনির্ভর পুরনো কর্মপদ্ধতি ও জনবল রয়েছে। ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে এসব সংস্থার কাঠামোগত রূপান্তর ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) প্রধান নির্বাহী হাসান মেহেদীও মনে করেন, আমদানিনির্ভরতা ও অবকাঠামোর বোঝা না বাড়িয়ে অভ্যন্তরীণ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই টেকসই সমাধান।

কৌশলগত রূপরেখায় সরাসরি সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত না থাকা প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সচিব) ড. মনজুর হোসেন জানান, ফ্রেমওয়ার্কে মূলত কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং বাস্তবায়ন পর্যায়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.