আপনি পড়ছেন

চার দশক পর আবারও বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব নিলো বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদে আসীন হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশ
ড. খলিলুর রহমান

মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটায় ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন করেন ড. খলিলুর রহমান। এর আগে সকালে ৮০তম অধিবেশনের সমাপ্তি টেনে বিদায়ী সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবক নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর মর্যাদাপূর্ণ এই দায়িত্ব ফিরে পেলো বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থার আওতায় এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। এতে বাংলাদেশ প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়। গত ২ জুন সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট। দায়িত্ব গ্রহণের আগে সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমানের বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিশ্বের শীর্ষ দেশগুলো। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপ-প্রতিনিধি রাষ্ট্রদূত ট্যামি ব্রুস জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে তার নিরপেক্ষ নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি চীন ও ভারতও বাংলাদেশের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে।

এক বছরের এই মেয়াদে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের মূল বিতর্ক, বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও নীতি নির্ধারণী আলোচনায় সভাপতিত্ব করবেন। আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। এসব আলোচনায় তিনি প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।

এবারের অধিবেশনে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ সংকটগুলো প্রাধান্য পাবে। একই সঙ্গে ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল গোলস উইক’। এছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নিতে যাওয়া জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক পর্যালোচনা ও প্রক্রিয়া সম্পন্ন করাও হবে এই অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.