আপনি পড়ছেন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর ১২টি দেশের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে দেশগুলো দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

অবৈধ বসতির পণ্যে ১২ দেশের নিষেধাজ্ঞা, স্বাগত জানাল ফিলিস্তিন
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ মঙ্গলবার এই পদক্ষেপকে ‘সঠিক দিকের একটি পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তবে পশ্চিম তীরে দখলদারিত্বের সম্প্রসারণ ও অবৈধ বসতি স্থাপন পুরোপুরি বন্ধ করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাধ্যতামূলক কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

যৌথ বিবৃতিটি জারি করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েল সরকারের চরমপন্থী পদক্ষেপ, দখলদারদের নজিরবিহীন সহিংসতা এবং অনবরত বসতি সম্প্রসারণের প্রেক্ষাপটে মন্ত্রীরা অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে এই বিধিনিষেধ ঘোষণা করেন।

হুসেইন আল-শেখ বলেন, শুধু নিন্দা ও রাজনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবৈধ বসতি সম্প্রসারণ ও জমি দখল বন্ধে ‘বাধ্যতামূলক ও নিষ্পত্তিমূলক ব্যবস্থা’ গ্রহণ করতে হবে। এ ছাড়া তিনি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের অব্যাহত অবৈধ বসতি পরিকল্পনা—বিশেষ করে বিতর্কিত ‘ই১’ (E1) প্রকল্প—ফিলিস্তিনি ভূখণ্ডকে বিভক্ত করার ঝুঁকি তৈরি করছে। এটি পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেবে এবং একটি ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করবে।

উল্লেখ্য, ‘ই১’ প্রকল্পটি মূলত জেরুজালেম এবং এর পূর্ব দিকের ‘মালে আদুমিম’ বসতির মধ্যবর্তী এলাকায় অবস্থিত। ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন যে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর খণ্ড-বিখণ্ড হয়ে পড়বে এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

হুসেইন আল-শেখ বলেন, ‘দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষা করা কেবল এর প্রতি রাজনৈতিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মধ্যেই সীমাবদ্ধ নয়।’ ফিলিস্তিনি ভূখণ্ড দখল, বসতি সম্প্রসারণ ও দখলদারদের সহিংসতা থেকে রক্ষা করা, দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

তিনি আরও উল্লেখ করেন, বসতি স্থাপন কার্যক্রম বন্ধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের শাস্তির মুখোমুখি করা হলে তা শান্তির সম্ভাবনা টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় নির্বিচার আগ্রাসন শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস হামলা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইতোমধ্যে সেখানে হত্যাকাণ্ড, গ্রেপ্তার, ঘরবাড়ি ধ্বংস, মসজিদ ও যানবাহনে হামলা, কৃষিজমি ধ্বংস, কৃষকদের নিজ সম্পত্তিতে প্রবেশে বাধা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অসংখ্য ঘটনা নথিভুক্ত করেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরজুড়ে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি দখলদার বসবাস করছে। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েলি সামরিক অভিযান ও দখলদারদের এই সহিংসতা পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ক্ষেত্র তৈরি করছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে সম্পূর্ণ রুদ্ধ করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.