আপনি পড়ছেন

আকস্মিক গ্যাস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় কোনো সুবিধাজনক স্থানে টার্মিনালটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন এলএনজি টার্মিনালের উদ্যোগ
এলএনজি টার্মিনাল

একই সঙ্গে মহেশখালীর কুতুবজোমে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ এগিয়ে চলছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পুনঃগ্যাসীকৃত এলএনজি সরবরাহের লক্ষ্য রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

শিল্প খাতে হঠাৎ গ্যাসের সংকট তৈরি হলে এর প্রভাব কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এসব টার্মিনাল থেকে গড়ে দৈনিক প্রায় ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে।

ভবিষ্যতে সরবরাহে আকস্মিক ঘাটতি দেখা দিলে শিল্প খাতকে সুরক্ষা দিতে কুতুবজোমে নতুন ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি মাতারবাড়ীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে।

এ ছাড়া ভোলার গ্যাস এলএনজি আকারে মূল ভূখণ্ডে এনে শিল্পকারখানায় সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড ও বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে আগামী কয়েক বছরে ব্যাপক অনুসন্ধান ও কূপ খননের পরিকল্পনাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

লক্ষ্য অনুযায়ী, ২০৩০-৩১ সালের মধ্যে দেশে মোট ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি সম্ভাব্য গ্যাস ও তেলক্ষেত্র চিহ্নিত করতে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ চালানো হবে।

সমুদ্রের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে গত ২৪ মে আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে। এতে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ‘বাংলাদেশ অনশোর মডেল পিএসসি ২০২৬’ প্রণয়নের কাজও চলছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।

সংসদের আরেক প্রশ্নের জবাবে উন্নয়ন প্রকল্পে বারবার সময় ও ব্যয় বাড়ার প্রবণতা বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী।

তার মতে, দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, সঠিকভাবে ব্যয় নির্ধারণ না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল তদারকি এবং জবাবদিহিতার ঘাটতিসহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বেড়ে যায়।

এ সমস্যা কমাতে নতুন প্রকল্প অনুমোদনের আগে সম্ভাব্যতা সমীক্ষার মান নিশ্চিত করা এবং অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন প্রস্তুতি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধনসংক্রান্ত নির্দেশিকাও সময়োপযোগী করার কাজ চলছে।

চলমান প্রকল্পের অগ্রগতি নজরদারিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ড্যাশবোর্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।

ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের কথাও জানান প্রধানমন্ত্রী।

যেসব প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না, সেগুলোর বিলম্ব, অনিয়ম, ব্যয় বৃদ্ধি ও সংশোধনের কারণ পর্যালোচনা করা হচ্ছে। বিলম্বের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০ শতাংশের নিচে, সেগুলোর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এসব প্রকল্পের পরিধি পরিবর্তন, পুনর্বিন্যাস অথবা চলমান রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণের পরিবর্তে সমন্বিত কর্মসূচির আওতায় গুচ্ছ প্রকল্প নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি ক্রয় ব্যবস্থায় ই-জিপির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প পরিচালক নিয়োগে পেশাগত যোগ্যতা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দায়িত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালা হালনাগাদের কাজ চলছে।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে প্রকল্প গ্রহণ বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও প্রতিযোগিতামূলক ও জবাবদিহিমূলক করতে পাবলিক প্রকিউরমেন্ট রুল ২০২৫ হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.