গোলাম পরওয়ার: ভাইভার নম্বর বাড়ালে দলীয়করণের সুযোগ তৈরি হবে
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ বাড়তে পারে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্য পরিবর্তন করে ভাইভার গুরুত্ব বাড়ানোর উদ্যোগ উদ্বেগজনক। তার মতে, লিখিত পরীক্ষা তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠভাবে একজন প্রার্থীর জ্ঞান, মেধা, বিশ্লেষণী দক্ষতা ও প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দেয়।
অন্যদিকে মৌখিক পরীক্ষার মূল্যায়ন অনেকাংশে বোর্ডের সদস্যদের ব্যক্তিগত মূল্যায়ন ও বিবেচনার ওপর নির্ভরশীল।
তিনি বলেন, লিখিত পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, পুনর্মূল্যায়ন ও অডিটের সুযোগ থাকলেও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে একই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন। ফলে ভাইভার নম্বরের ওজন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে লিখিত পরীক্ষায় ভালো করা প্রার্থীর ফলাফলও পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।
জামায়াতের এই নেতা দাবি করেন, ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নম্বর রাখার সিদ্ধান্তও উদ্বেগের কারণ। তার ভাষ্য, ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।
বিবৃতিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ ও পদায়নের বিষয়েও সরকারের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধানির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠা। তাই সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনা উচিত নয়, যা সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে পারে।
গোলাম পরওয়ারের মতে, সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিপুলসংখ্যক তরুণ-তরুণী দীর্ঘদিন প্রস্তুতি নেন। অনেকেই সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, পরীক্ষায় প্রক্সি, জালিয়াতি বা অন্য কোনো অনিয়ম ঠেকানো প্রয়োজন। তবে এসব অনিয়ম বন্ধের সমাধান হিসেবে ভাইভার নম্বর বাড়ানো যুক্তিসংগত নয়। এর পরিবর্তে বায়োমেট্রিক যাচাই, প্রযুক্তিনির্ভর পরীক্ষা, প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদার, পরীক্ষাকেন্দ্রে নজরদারি, ডিজিটাল মনিটরিং ও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে দলীয়করণের সংস্কৃতি তৈরি হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার অবসান চেয়েছে। নতুন কোনো নিয়োগপদ্ধতিতে যাতে সেই পুরোনো প্রবণতা ফিরে আসার সুযোগ না থাকে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনে কর্মরত ব্যক্তিদের পরিচয় হওয়া উচিত তাদের মেধা, যোগ্যতা, সততা ও দক্ষতা দিয়ে; রাজনৈতিক পরিচয় দিয়ে নয়। নিয়োগে দলীয় পরিচয়, রাজনৈতিক আনুগত্য, আত্মীয়তা, ব্যক্তিগত সুপারিশ কিংবা অর্থের প্রভাবের কোনো সুযোগ থাকা উচিত নয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিধিমালা পুনর্বিবেচনার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, সুপারিশ ও অর্থের লেনদেন বন্ধ করে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, জুলাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে বৈষম্য, দলীয়করণ ও অনিয়মের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। তরুণদের মেধা, শ্রম ও ন্যায্য অধিকার রক্ষায় নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.