সৌরবিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হতে চায় বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতদিন বাংলাদেশ মূলত আমদানি করা জ্বালানি ও বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরশীল ছিল। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে ভবিষ্যতে শুধু বিদ্যুতের গ্রাহক হিসেবে নয়, সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবেও বাংলাদেশ পরিচিত হবে।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে জনগণের সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, বিএনপির অতীত অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার। বিরোধী দলের সহযোগিতা নিয়ে দ্রুত বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘ সময় ধরে দেশে গ্যাসের দেশীয় উৎস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল। বিশেষ করে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের কাজ যথাযথভাবে এগিয়ে নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলো বঙ্গোপসাগরের নিজ নিজ এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালালেও বাংলাদেশ সে ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এর ফলে জ্বালানি ব্যবস্থায় আমদানিনির্ভরতা বেড়েছে।
চলমান সংকটের সাম্প্রতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশের জ্বালানি আমদানির গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় ওই অঞ্চলের সংঘাত গ্যাস ও তেল সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
এর পাশাপাশি দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটিতে বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনায় সেটি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে বলে জানান প্রধানমন্ত্রী। জ্বালানি সরবরাহের এই দুই ধরনের সংকট একসঙ্গে বিদ্যমান সমস্যাকে তীব্র করেছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় বিদ্যুৎ সংকট মোকাবিলায় অতীতের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ২০২২ সালে বিদ্যুৎ ঘাটতি সামাল দিতে অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর মতো পদক্ষেপ নিতে হয়েছিল। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে কিছু গোষ্ঠী সুবিধা পেলেও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে গ্যাস-বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে উসকানিমূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। এতে পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী শক্তিই লাভবান হওয়ার সুযোগ পাবে।
তিনি সরকার ও বিরোধী দল—উভয় পক্ষকে জনগণের সামনে সংকটের বাস্তব চিত্র তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিভিন্ন সংকট মোকাবিলা করেছে। জিয়াউর রহমানের নীতি ও দলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিরোধী দলের সহযোগিতা নিয়ে বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকেও দ্রুত উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দেওয়া অধিবেশন সমাপ্তির আদেশ সংসদে পড়ে শোনান।
সমাপনী অধিবেশনের রীতি অনুযায়ী প্রথমে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ৭টা ৪৫ মিনিটে সমাপনী বক্তব্য শুরু করেন। গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.