আপনি পড়ছেন

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার দাবিসংক্রান্ত বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি আসিফ মাহমুদের
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

১১ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, ২ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে আকতারুল ইসলাম দাবি করেন যে আসিফ মাহমুদের উপদেষ্টাকালীন বদলি, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দলটি উল্লেখ করে, ওই বক্তব্যের পর তা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দেওয়া এ ধরনের বক্তব্য আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় পরিসরে ‘মিডিয়া ট্রায়াল’ শুরু করেছে বলে অভিযোগ করে এনসিপি। এতে অভিযোগগুলো আগেই প্রমাণিত হয়েছে বলে জনমনে এমন এক ধারণা তৈরি হয়, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

দলটির তথ্যমতে, পরে আকতারুল ইসলাম দুদক বিটের সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে জানান যে তার আগের বক্তব্যটি ভুলবশত দেওয়া হয়েছিল এবং তিনি সংবাদ পরিবেশন থেকে ‘প্রাথমিক সত্যতা’ শব্দযুগল বাদ দেওয়ার অনুরোধ করেন। তবে জনসমক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সেই বক্তব্য কখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন করা হয়নি, যার ফলে মিডিয়া ট্রায়াল এবং নেতিবাচক জনধারণা অব্যাহত থাকে।

আইনি নোটিশে অভিযোগের বিভিন্ন তথ্যগত অসঙ্গতিও তুলে ধরা হয়। দুদকের ওই কর্মকর্তা ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের দাবি করলেও এনসিপি জানায় প্রকৃত সংখ্যা ছিল ১১২ এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়ন করতেই সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল।

এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে পদোন্নতির সঙ্গে আসিফ মাহমুদকে জড়ানোর বিষয়টিকেও ভিত্তিহীন বলে উল্লেখ করে দলটি। নোটিশে বলা হয়, আসিফ মাহমুদ ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, অথচ পদোন্নতির ঘটনাটি ঘটেছিল ২০২৬ সালের ১১ মে—যা তার পদত্যাগের পাঁচ মাস পর এবং বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদের তিন মাসের মাথায়।

নোটিশে দুদক কর্মকর্তাকে আগামী ১৫ দিনের মধ্যে তার বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করতে এবং ভবিষ্যতে যাচাই-বাছাইহীন ও প্রমাণহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্দেশ মানা না হলে দণ্ডবিধির ৫০০ ধারার অধীনে মানহানির মামলাসহ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.