আপনি পড়ছেন

ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে দৈনিক অতিরিক্ত ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে একটি ভাসমান এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল চালু করা হবে। ১১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে আয়োজিত ‘১৫তম এলএনজি প্রডিউসার-কনজিউমার কনফারেন্স ২০২৬’-এ অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি কৌশল তুলে ধরে এ কথা বলেন।

২০৩০ সালের মধ্যে এলএনজি সক্ষমতা বাড়বে ১৬০০ এমএমসিএফডি
এলএনজি সরবরাহের চিত্র

‘ভবিষ্যতের জন্য এলএনজি উন্নয়ন: স্থিতিস্থাপকতা ও নির্ভরযোগ্যতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা এখন আর শুধু জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নেই। তিনি বলেন, ‘সরবরাহের উৎসের বহুমুখীকরণ, সাশ্রয়ী মূল্য এবং বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার পাশাপাশি নির্ভরযোগ্যতাও নিশ্চিত করতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে বাংলাদেশ দৈনিক প্রায় ১ হাজার ১০০ এমএমসিএফডি গ্যাস পাচ্ছে এবং দেশে বছরে এলএনজির চাহিদা প্রায় ৭০ লাখ টন।

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ণ এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কারণে গ্যাসের ব্যবহার বাড়ছে, তবে এই বাড়তি চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎপাদন অপর্যাপ্ত।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ এমএমসিএফডি সক্ষমতার আরেকটি এফএসআরইউ স্থাপন করা হবে। পরবর্তী ধাপে ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে ১ হাজার এমএমসিএফডি সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল চালু করা হবে। এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের এলএনজি গ্রহণ ও রিগ্যাসিফিকেশন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে অমিত বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৩০ থেকে ৪০ লাখ টন এলএনজি সক্ষমতা যুক্ত হতে পারে এবং ২০৩১ থেকে ২০৪০ সালের মধ্যে মোট সক্ষমতা বেড়ে ১ কোটি ৭০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সরবরাহের ঝুঁকি কমাতে বাংলাদেশ সরকার টু সরকার (জিটুজি) চুক্তি, আন্তর্জাতিক দরপত্র এবং সরাসরি ক্রয় পদ্ধতিসহ একাধিক মাধ্যম ব্যবহার করছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ও সরবরাহের ওঠানামা সত্ত্বেও স্থিতিশীল গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে এই কৌশল নেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

একই সঙ্গে দেশের অভ্যন্তরে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে সরকার তৎপরতা জোরদার করছে। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’ ঘোষণা করা হয়েছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবেন।

অমিত জানান, আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সরকার মুনাফা প্রত্যাবাসন, কর পরিশোধ এবং দীর্ঘমেয়াদি রাজস্ব স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে। সাগরে নতুন গ্যাস আবিষ্কৃত হলে দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে বলেও তিনি জানান।

বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.