আপনি পড়ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে সমবেত হচ্ছেন বিশ্বনেতারা। মহাসচিব হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই হবে অ্যান্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্য দেওয়ার শেষ অধিবেশন।

জাতিসংঘের ৮১তম অধিবেশন: নজরে গাজা ও ইউক্রেন ইস্যু
জাতিসংঘের প্রতীকচিহ্ন

৮ সেপ্টেম্বর অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চপর্যায়ের এই বিতর্ক পর্ব। 'আস্থা পুনর্গঠন, রূপান্তর পরিচালনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ৮১তম এই অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশি কূটনীতিক খলিলুর রহমান।

১৯৫৫ সালের ঐতিহ্য অনুযায়ী উদ্বোধনী বক্তাদের পর ব্রাজিল প্রথম ভাষণ দেবে এবং এরপর স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বক্তব্য রাখবে। চলমান কয়েকটি যুদ্ধ, নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা এবং জাতিসংঘের শীর্ষ নেতৃত্বের পরিবর্তন—সব মিলিয়ে সংস্থাটি ইতিহাসের অন্যতম অস্থিতিশীল সময় পার করছে। এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশনকে জাতিসংঘের জন্য একটি পুনর্জাগরণের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

উচ্চপর্যায়ের এই সপ্তাহের আগে নিজের শেষ সংবাদ সম্মেলনে অ্যান্তোনিও গুতেরেস বলেন, সংকটের মুখে থাকা নেতাদের সরাসরি সাক্ষাতের সুযোগ তৈরি করতে এই সম্মেলনকে কাজে লাগানো উচিত।

জাতিসংঘের প্রতি আস্থা ফেরাতে এই সম্মেলন থেকে কী প্রত্যাশা করা যেতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি আগের উদাহরণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি মুসলিম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, যা গাজা শান্তি পরিকল্পনার পথ তৈরি করেছিল।’ তিনি আরও যোগ করেন, এবারের সপ্তাহেও একই ধরনের সাক্ষাতের সুযোগ তৈরিতে তিনি কাজ করবেন।

তিন যুদ্ধ ও স্থবির নিরাপত্তা পরিষদ
কূটনৈতিক শান্তির বদলে সক্রিয় যুদ্ধের পটভূমিতে শুরু হচ্ছে এবারের বিতর্ক। গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর মার্কিন সমর্থিত যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা বারবার ইসরায়েলি লঙ্ঘনের কারণে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেন ইস্যুতে সেপ্টেম্বরের শুরুতে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করলেও কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরে জানান যুদ্ধ অব্যাহত থাকবে, অন্যদিকে ক্রেমলিন কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ না করেই ওয়াশিংটনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুর সম্ভাবনা খোলা রেখেছে।

ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে হামলা শুরু হয়েছিল, তা গ্রীষ্মজুড়ে থেমে থেমে চলে এবং সেপ্টেম্বরের শুরুতে পুনরায় তীব্র আকার ধারণ করে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালালে তেহরানও কুয়েত, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, যা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

ইরান সংক্রান্ত এই বিরোধের কারণে নিরাপত্তা পরিষদের নিজস্ব কার্যক্রমও থমকে গেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের 'স্ন্যাপব্যাক' ব্যবস্থার অধীনে পুনরায় আরোপিত নিষেধাজ্ঞাগুলো আইনগতভাবে কার্যকর কি না, তা নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যরা বিভক্ত হয়ে পড়েছেন। এই মতবিরোধ পরিষদের মৌলিক কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণের পথ রুদ্ধ করে দিয়েছে।

গাজা, ইরান ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বিশ্বনেতারা সাইপ্রাস সংকট, সুদানের সংঘাত ও অবনতিশীল মানবিক সংকট, মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট এবং হাইতির নিরাপত্তা সংকট নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। স্পষ্ট কোনো সমাধান না থাকা একাধিক সংঘাতের বিষয়গুলোই এবারের সম্মেলনের মূল আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

জলবায়ু, উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা
সংঘাতের পাশাপাশি সপ্তাহজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে পুনরুজ্জীবিত করতে ১৮ সেপ্টেম্বর ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠিত হবে। প্যারিস চুক্তির এক দশকেরও বেশি সময় পর ২৩ সেপ্টেম্বর অ্যান্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু কর্মসূচি ও ‘ন্যায্য রূপান্তর’ বিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। আয়োজকদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রম করা এখন অনেকটাই অনিবার্য হয়ে উঠেছে।

একই দিনে উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণার ৪০তম বার্ষিকী পালিত হবে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল ও দ্বীপ রাষ্ট্রগুলোর অস্তিত্ব সংকটের ওপর ২৪ সেপ্টেম্বর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ ও প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক এবং ২৮ সেপ্টেম্বর বর্ণবাদের বিরুদ্ধে ডারবান ঘোষণার ২৫তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে এই সম্মেলনের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য একটি বৈশ্বিক কাঠামো তৈরির উদ্যোগও এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বনেতাদের সঙ্গে তার আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি প্রধান বিষয় হবে এবং আগামী দিনগুলোতে জাতিসংঘ এর ব্যবহারিক উপায়গুলো অনুসন্ধান অব্যাহত রাখবে। একই সঙ্গে শক্তিশালী প্রযুক্তির ক্ষেত্রে কখন আরও কঠোর সুরক্ষাব্যবস্থা প্রয়োজন তা চিহ্নিত করার পাশাপাশি ‘নিরাপদ ও দায়িত্বশীল এআই উন্নয়নের লক্ষ্যে একটি যৌথ বোঝাপড়ার’ আহ্বান জানান তিনি।

সংস্কারের দাবি ও বিভক্তি
গাজা, ইউক্রেন ও ইরান পরিস্থিতির অচলাবস্থা নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে, যাতে বর্তমান ক্ষমতার ভারসাম্য প্রতিফলিত হয়। সাম্প্রতিক প্রায় প্রতিটি অধিবেশনেই এই দাবি নতুন করে তোলা হলেও কোনো সমাধানের পথ মেলেনি। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার জন্য তার এই নতুন আহ্বানে বিশ্বনেতারা কতটা সাড়া দেবেন এবং আন্তর্জাতিক আইন ও যুদ্ধাপরাধের প্রয়োগ কাঠামো ভেঙে পড়ছে কি না—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.